বৃক্ষমানবের পাঁচটি আঙুলে অস্ত্রোপচার সম্পন্ন

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:৩৯
হাতে পায়ে গাছের মত শেকড় গজানো বিরল রোগে আক্রান্ত বৃক্ষ মানব (ট্রি-ম্যান) আবুল বাজদারের ডানহাতের পাঁচটি আঙুলেই অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। আজ শনিবার বৃক্ষমানব আবুল বাজদারের প্রথম অস্ত্রোপচার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সম্পন্ন হয়। হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান আবুল কালামের নেতৃত্বে চিকিৎসকদের একটি দল আবুল বাজনদারের ডান হাতে পাঁচটি আঙুলেই অস্ত্রোপচার করে। সকাল সোয়া নয়টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত তিন ঘণ্টায় আবুলের অস্ত্রোপচার সম্পন্ন হয়।
IMG0
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের কো-অর্ডিনেটর ডা. সামন্ত লাল সেন বাসসকে জানান, অস্ত্রোপচারের পর তিনি ভালো আছেন এবং আঙুলগুলো কাজ করবে বলে আশা করা হচ্ছে। প্রথম অস্ত্রোপচার শেষে আবুল বাজদারকে কমপক্ষে ৪ সপ্তাহ বিশ্রামে রাখা হবে। এরপর সিদ্ধান্ত নেয়া হবে তার বাম হাতে পরবর্তী অস্ত্রোপচার কবে হবে।
 
অস্ত্রোপচার শেষে এক সংবাদ সম্মেলনে আবুল কালাম বলেন, প্রথম অস্ত্রোপচারে তার ডান হাতের দুটি আঙুল (বৃদ্ধাঙ্গুলি ও তর্জনি) থেকে গাছের মতো শিকড় কাটার কথা ছিল। কিন্তু পরিস্থিতি ভালো হওয়ায় তার ডান হাতের পাঁচটি আঙুলে অস্ত্রোপচার করা হয়। আমরা সফলভাবে তার অস্ত্রোপচার করেছি।
 
খুলনার পাইকগাছার আবুল বাজদার গত কয়েক বছর ধরে হাতে পায়ে গাছের মতো শেকড় গজানোর বিরল এ রোগে আক্রান্ত। তিনি গত ৩০ জানুয়ারি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হন। গত ৪ ফেব্রুয়ারি ঢামেক হাসপাতালে আবুলকে দেখতে এসে স্বাভাবিক জীবনে ফিরে না আসা পর্যন্ত সকল চিকিৎসার খরচ সরকার বহন করবে বলে জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।