ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক বলেছেন, ‘ফুটপাত সাধারণ মানুষের, সাধারণ মানুষ হাঁটবে। আপনি দোকান নিয়েছেন, দোকানের মধ্যে থাকেন। আগামী ১০ মাসের মধ্যে ফুটপাতের মধ্যে দোকানের বর্ধিতাংশ আর সহ্য করা হবে না।’
শনিবার উত্তর সিটির আঞ্চলিক কার্যালয়-৪ (মিরপুর) এ এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দোকানিদের হুঁশিয়ারি দিয়ে মেয়র বলেন, ফুটপাতে চুলা বসিয়ে বা যেকোনোভাবে এক ইঞ্চি জায়গায়ও দখল করবেন না। করলে দোকান বন্ধসহ কঠোর ব্যবস্থা নেয়া হবে। কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেয়া আছে। প্রথমে বুঝাবেন, না মানলে কাউন্সিলদের নিয়ে দোকান বন্ধ করে দেবেন।
ফুটপাতের হকারদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের প্রতি আমাদের সহানুভূতি রয়েছে। কিন্তু সাধারণ মানুষের চাওয়া, আপনারা ফুটপাত ছেড়ে দিন। আমরা আপনাদের অন্য কোথাও বসার ব্যবস্থা করার চেষ্টা করছি।
মেয়র বলেন, আসছে এপ্রিলের মধ্যে মূল রাস্তার ফুটপাতমুক্ত করা হবে। সেক্ষেত্রে কাউন্সিলর, স্থানীয় প্রতিনিধি, নগরবাসী ও সাধারণ মানুষকে এগিয়ে সহযোগিতা করার আহ্বান জানাই।
নগরবাসীর উদ্দেশে মেয়র বলেন, পরিচ্ছন্নকর্মী, কর্মকর্তা, কাউন্সিলরা নগরবাসীকে সেবা দিচ্ছেন, তাদের সম্মান দিন।
আনিসুল হক বলেন, ফ্লাইওভার, দেয়ালে অনেক কোম্পানি, রিয়েল এস্টেট ব্যবসায়ী বিভিন্ন প্রচারণামূলক বিজ্ঞাপণ দিচ্ছেন। দয়া করে চলতি মাসের মধ্যে নিজ দায়িত্বে সেগুলো মুছে ফেলুন।
তিনি বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায় গাছে গাছে পেরেক দিয়ে সাইনবোর্ড লাগানো হচ্ছে। পরিচ্ছন্নকর্মীসহ সবাই এগুলো খুলে ফেলছেন। এরপরও এ ধরনের সাইনবোর্ড লাগালে ছবি তুলে নম্বরসহ সিটি করপোরেশনে দেয়া হলে ব্যবস্থা নেয়া হবে।
