চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অগ্নিদগ্ধ হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
শনিবার দক্ষিণ রাজানগরের ধামাইরহাট এলাকার খন্দকার পাড়ায় এ ঘটনায় এক শিশুও আহত হয়েছে। নিহত শাহিন আক্তার (৩০) খন্দকার পাড়ার শফিউল আলমের স্ত্রী।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর প্রহ্লাদ সিংহ বলেন, শনিবার দুপুরে রান্না করতে গিয়ে চুলায় আগুন ধরানোর সময় গ্যাস সিলিন্ডারের ছিদ্র দিয়ে গ্যাস বের হলে অগ্নিদগ্ধ হন শাহিন আক্তার। এ সময় তার শিশু সন্তানটি আগুনে পুড়ে আহত হয়।
রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা শাহিনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. জাহাঙ্গীর জানান, গুরুতর আহত অবস্থায় সাড়ে ৪টার দিকে শাহিন আক্তারকে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত শিশু সন্তানটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
