সারাদেশে শ্রদ্ধা ভালবাসায় ভাষা শহীদদের স্মরণ

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:২৪
শ্রদ্ধা, ভালবাসা আর যথাযোগ্য মর্যাদায় আজ বায়ান্নের ভাষা আন্দোলনের শহীদদের স্মরণ করেছে কৃতজ্ঞ বাঙালি জাতি। সারা বিশ্বের বিভিন্ন ভাষার মানুষ তাদের নিজেদের ভাষার প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি বাংলা ভাষার দাবীতে আত্মোৎসর্গকারী শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেছে।
 
বিশ্বের অন্যান্য দেশ ও রাজধানী ঢাকার মতো সারাদেশের মানুষ আজ শ্রদ্ধার্ঘ্য অর্পন করেছে স্থানীয় শহীদ মিনারে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ ব্যক্তি পর্যায়ে বিভিন্ন বয়সের বৃদ্ধ, যুবক, শিশু সবাই ছুটে গেছেন শহীদ মিনারে। একুশের প্রথম প্রহর থেকে শুরু করে বিকেল পর্যন্ত শহীদ মিনারগুলোতে দেখা গেছে জনতার ঢল। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, ফ্রি চিকিৎসা ক্যাম্প, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
 
মুন্সীগঞ্জ সংবাদদাতা জানান, জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার প্রথমে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর বিভিন্ন সংগঠন শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। শহীদদের স্মরণে চিত্রাঙ্কন, রচনা, আবৃত্তি ও বিতর্কসহ নাটক আয়োজন করা হয়। এ ছাড়া বিনামূল্যে চিকিৎসাপত্র, ওষুদ সরবরাহ ও প্যাথলজি পরীক্ষার আয়োজন করা হয়।
 
খাগড়াছড়ি সংবাদদাতা জানান, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি’র নেতৃত্বে শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন সর্বস্তরের মানুষ।
ঝিনাইদহ সংবাদদাতা জানান, মহান একুশে’র গানের সুরকার আলতাফ মাহমুদের কন্যা শাওন মাহমুদ, জেলা প্রশাসক মাহাবুব আলম তালুকদার, মুক্তিযোদ্ধা সংসদ, প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মধ্যরাত থেকে শহীদ বেদিতে পুষ্পার্ঘ প্রদান করে।
 
সুনামগঞ্জ সংবাদদাতা জানান, নানা কর্মসূচির মধ্য দিয়ে জেলায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবস উপলক্ষে রাজনৈতিক, সামাজিক সংগঠন ও জেলা প্রশাসন ব্যাপক কর্মসূচি গ্রহণ করে।জয়পুরহাট সংবাদদাতা জানান, মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে রাত ১২টা ১ মিনিট থেকে জয়পুরহাট কেন্দ্রিয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।
 
হবিগঞ্জ সংবাদদাতা জানান, আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে হবিগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে জনতার ঢল নামে। এ উপলক্ষে বিভিন্ন সংগঠন আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।দিনাজপুর সংবাদদাতা জানান, দিনাজপুরে মাতৃভাষার মর্যাদা সমুন্নত রাখার শপথে পালিত হয়েছে একুশে ফেব্রুয়ারি। প্রথম প্রহরে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর নেতৃত্বে খানসামা উপজেলা ও হুইপ ইকবালুর রহিমের নেতৃত্বে দিনাজপুর কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।