মালাগার মাঠে রিয়াল মাদ্রিদের হোঁচট

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৬, ১১:০৬
 
লা লিগার ম্যাচে মালাগার মাঠে হোঁচট খেয়েছে রিয়াল মাদ্রিদ। রবিবার ১-১ গোলে ড্র করে জিনেদিন জিদানের শিষ্যরা।
 
ম্যাচ শুরুর ১৯তম মিনিটে পিছিয়ে পড়তে নিয়েছিল রিয়াল মাদ্রিদ। বিপজ্জনক জায়গা থেকে টনি ক্রুসের ব্যাকপাস ধরে শট নেন মালাগার মিডফিল্ডার হুয়ানপি। তবে নাভাস এগিয়ে এসে রিয়াল মাদ্রিদকে বাঁচিয়ে দেন। পরের মিনিটেও রিকার্দো হোর্তার শট লক্ষ্যভ্রষ্ট হওয়ায় বেঁচে যায় জিদানের দল।
 
অবশেষে ৩৩তম মিনিটে রোনালদোর গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। ডান দিক থেকে টনি ক্রুসের ফ্রি-কিক বক্সের মধ্যে পেয়ে জোরালো হেডে লক্ষ্যভেদ করেন রোনালদো।
 
দুই মিনিট বাদে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ হারান রোনালদো। বক্সের মধ্যে তাকে ব্রাজিলের মিডফিল্ডার ওয়েলিংটন ফেলে দিলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। তবে শেষ রক্ষা করতে পারেননি রোনালদো।
 
৩৯তম মিনিটে সমতায় ফিরতে পারতো মালাগা। কিন্তু ক্রোয়েশিয়ার স্ট্রাইকার দুয়ে কপের নিচু শট নাভাসের পায়ে লেগে উপরে উঠে ক্রসবারে লাগলে এগিয়ে থাকার স্বস্তিতেই বিরতিতে যায় রিয়াল।
 
৬৭তম মিনিটে সমতায় ফেরে মালাগা। ফাঁকায় বল পেয়ে দ্রুত শট নিয়ে দলকে সমতায় ফেরান স্প্যানিশ ডিফেন্ডার রাউল আলবেনতোসা।
 
৭৫তম মিনিটে এগিয়ে যেতে পারতো মালাগা। তবে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড চার্লসের জোরালো হেড অসাধারণ নৈপুণ্যে ঠেকিয়ে দেন রিয়ালের নাভাস।
 
শেষের কয়েক মিনিট সুযোগ পেলেও আর গোল করতে পারেনি রিয়াল মাদ্রিদ। 
 
ম্যাচ ড্র হওয়ায় রিয়াল মাদ্রিদের পয়েন্ট ২৫ ম্যাচে ৫৪। ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা।