বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সপ্তম সমাবর্তন মঙ্গলবার। সমাবর্তনে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদ।
বিপুল উত্সাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় পরিবার সমাবর্তন অনুষ্ঠান পালনের প্রস্তুতি গ্রহণ করেছে। ক্যাম্পাস সেজেছে বর্ণিল সাজে। এদিকে গত কিছুদিনে গ্র্যাজুয়েটদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে সমাবর্তনের উদ্বোধন ঘোষণা করবেন রাষ্ট্রপতি। সমাবর্তন অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে থাকবেন শিক্ষাবিদ, গবেষক ও ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য ড. জামিলুর রেজা চৌধুরী। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আলী আকবর।
IMG0
এ বছর সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের এক হাজার ৯১৯জন স্নাতক, দুই হাজার ৮৫১জন স্নাতকোত্তর ও ৩৮ জন পিএইচডি শিক্ষার্থীকে মূল সনদপত্র এবং শিক্ষার্থীদের মধ্যে ১২১টি পদক ও গোল্ড মেডেল প্রদান করা হবে। এছাড়াও ষষ্ঠ সমাবর্তনের পর মূল সনদ পায়নি এমন ৪ হাজার ৮০৮ জন শিক্ষার্থীকে মূল সনদ দেয়া হবে।
এদিকে সমাবর্তন অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এরই মধ্যে ক্যাম্পাসকে নিরাপত্তা চাদরে ঢেকে দেয়া হয়েছে। ক্যাম্পাসে সাদা পোশাকে টহল দিচ্ছেন এসএসএফের সদস্য ও গোয়েন্দা পুলিশ। এছাড়া সমাবর্তনস্থলের আশপাশে জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। সমাবর্তন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বিজয়’৭১ চত্বর, প্রশাসন ভবন, শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনসহ বিভিন্ন স্থাপনা ও মোড়ে মোড়ে বসানো হয়েছে আলোর ফোয়ারা।
এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও সমবার্তন কমিটির সদস্যসচিব কৃষিবিদ মো. ছাইফুল ইসলাম বলেন, সমাবর্তন মিছিলের মহড়াসহ অন্য বিষয়গুলোর প্রস্তুতি শেষ হয়েছে। এরই মধ্যে রাষ্ট্রপতির দফতরের কাছে ক্যাম্পাসের নিরাপত্তার দায়িত্বভার তুলে দেয়া হয়েছে।
