জুনে অনুষ্ঠিতব্য কোপা আমেরিকার শতবার্ষিকী আসরে ব্রাজিল দলের অধিনায়ক নেইমারকে দলে পাওয়ার বিষয়ে অনিশ্চয়তা ব্যক্ত করেছেন কোচ কার্লোস দুঙ্গা। লাতিন আমেরিকার মহাদেশ সেরার এই প্রতিযোগিতায় খেলতে হলে ক্লাব ফুটবলে চলতি মৌসুমের ব্যস্ততা শেষে কোনোরকম বিশ্রাম ছাড়াই মাঠে নামতে হবে নেইমারকে। যা বড় কোনো ক্ষতি ডেকে আনতে পারে বলে মনে করেন ব্রাজিলের কোচ।
তাই যথাযথ আলোচনা করেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চান দুঙ্গা। এমনকি (বার্সা কোচ) লুইস এনরিকের সঙ্গেও আমরা কথা বলিনি। আমাদের উদ্দেশ্য এ বিষয়ে ক্লাবের সঙ্গে কথা বলা এবং কারো ক্ষতি না করে সেরা সমাধান বের করা। আগামী ২৮ মে হবে এবারের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। আর ৩ জুন শুরু হবে কোপা আমেরিকার বিশেষ আসর। তাই বার্সেলোনা যদি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলে তাহলে কোনোরকম বিশ্রাম ছাড়াই জাতীয় দলে যোগ দিতে হবে নেইমারকে।
যুক্তরাষ্ট্রের ১০টি শহরে হতে যাওয়া এ টুর্নামেন্টে নেইমারকে খেলানোর বিষয়ে তাই খোদ ওই খেলোয়াড়ের সঙ্গেই কথা বলতে চান দুঙ্গা। আমাদের ব্যক্তিগতভাবে খেলোয়াড়ের সঙ্গে কথা বলতে হবে এবং সবার জন্যে একটা ভালো সমাধান খুঁজে বের করতে হবে। ২০০৭ সালে সবশেষ এ প্রতিযোগিতায় শিরোপা জেতা ব্রাজিল এবার খেলবে ‘বি’ গ্রুপে। তাদের সঙ্গে গ্রুপে আছে ইকুয়েডর, হাইতি ও পেরু। গোল.কম।
