বইমেলায় একুয়া রেজিয়ার ‘মনোসরণি’ ও ‘কাকতাড়ুয়ার আকাশ’

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:০৭

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে একুয়া রেজিয়ার দু’টি বই। অন্যপ্রকাশ থেকে প্রকাশিত হয়েছে লেখকের উপন্যাস ‘মনোসরণি’ এবং অনিন্দ্য প্রকাশ থেকে প্রকাশিত হয়েছে ১৪টি গল্প নিয়ে গল্পগ্রন্থ ‘কাকতাড়ুয়ার আকাশ’।

মনোসরণি’র প্রচ্ছদ করেছেন নির্ঝর নৈঃশব্দ্য, বইমেলার ৬ নং প্যাভিলিয়নে পাওয়া যাচ্ছে বইটি। দাম ২০০ টাকা। ‘কাকতাড়ুয়ার আকাশ’ এর প্রচ্ছদ করেছেন কারুতিতাস। মেলায় ২৯৩-২৯৬ নং স্টলে বইটি পাওয়া যাচ্ছে ২০০ টাকা দামে। এছাড়া অনলাইনে www.rokomari.com থেকে কেনা যাবে বই দু’টি।

‘মনোসরণি’ নিয়ে লেখক জানান, আমার চোখে প্রতিটি মানুষই এক একটা গল্পের মতো। মানুষ নিয়ত তার ভেতরে খুঁজে বেড়ায় কিছু। আমার কাছে মনে হয় এক একটা মানুষের খুব নিজস্ব একটা পথ থাকে, যেই পথে হেঁটে চলে যাওয়া যায় বহুদূর। কোন মেঘলা দিনে, কিংবা পড়ন্ত বিকেলে যে পথে কখনো পথ হারায় না কেউ। ‘মনোসরণি’ উপন্যাসেও তেমনি আমার মনে হয়েছে অনেকগুলো মানুষের ব্যক্তিগত স্বপ্নের কথা উঠে এসেছে। যারা সবার মাঝে থেকেও কখনো কখনো নিজের মতোই একলা। যারা জীবনের স্বাধীনতা আর ব্যাক্তিজীবনের স্বাধীনতার দোলাচালে হারিয়ে গিয়েছে হয়তো।

তিনি আরো জানান, স্বাধীনতা আসলে জীবনের একটা বিশাল প্রাপ্তি। আমার জীবনে আমি অসংখ্য বার টের পেয়েছি স্বাধীনতা শব্দটা কতোটা শক্তিশালী একটা অনুভূতির জন্ম দিতে পারে। আমার মনে আছে, অনেক আগে মাঝে মাঝে খুব সকালে কিংবা সন্ধ্যায় এক মগ চা নিয়ে আমি বাসার ছোট্ট ছাদে বসে আকাশ দেখতাম। দীর্ঘদিন পর আমি বুঝতে পেরেছি ছোট্ট কিংবা তুচ্ছ এই ব্যাপারটায় যে কী তীব্র স্বাধীনতা আছে। ঠিক একইরকম বুনোটে আমি চেষ্টা করেছি আমার উপন্যাসের চরিত্রগুলোকে ফুটিয়ে তুলতে।

IMG0

‘কাকতাড়ুয়ার আকাশ’ সম্পর্কে একুয়া রেজিয়া বলেন, মানুষ সামগ্রিকতায় বিশ্বাস করে। বিশ্বাস করে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকায়, জড়িয়ে রাখায়। সময়ের সাথে বাজি রেখে মানুষ তাই বেঁচে থাকে আশায়, ভাবনায়। কিন্তু নিরন্তর সেই ছুটে বেড়ানোর শেষ কোথায়? কোন রাস্তারমোড়ে এসে কি কখনও তার দম আটকে আসে? নিস্তব্ধ কোন রাত্রে বারান্দায় নিশ্চুপ দাঁড়িয়ে থাকা কেউ ফুঁপিয়ে কেদে ওঠেনা? যখন আনমনা সেই সময়েই আর কেউ স্বপ্ন বোনে, অজানা ভবিষ্যতের?

তিনি আরো বলেন, মানুষের নিজস্ব একাকী সেই সময়ের অনুভূতি গুলোই স্থান পেয়েছে গল্প সংকলনে। শহরের বুনো ব্যস্ততার নিরেট বাস্তবতায় যে গল্প শুধুই বন্ধুত্বের, জীবনের, হতাশার কিংবা জ্যোৎস্নার। আমাদের আটপৌরে সম্পর্কেই যেন নতুন কোন মায়ারজাল বুনে চলে এই গল্পগুলোর মাঝদিয়ে। যেখানে বহুযত্নে আগলে রাখা ভালোবাসাটুকু এক ভোরবেলা খুব অচেনা হয়ে ওঠে।যেখানে আবেগের অন্ধকার রূপ সৃষ্টিকরে শূণ্যতা কিংবা তীব্রতার। ফিরে দেখা সময়ের মাঝ দিয়ে যেখানে কখনো যেন সম্পর্ক হয়ে ওঠে অচেনা, আর অচেনা বহু শতাব্দী দূরের কেউ ছুঁয়ে দিয়ে যায় মনোগ্রাফঃ চেনাসুরেই...।

বিগত দুই বছরে লেখা এবং বিভিন্ন পত্র পত্রিকা, ছোট কাগজ, সাহিত্য সাময়িকী তে প্রকাশিত ছোটগল্পগুলো একত্রিত করে এই গল্পগ্রন্থটির প্রকাশ ঘটেছে। বইয়ের গল্প সংখ্যা ১৪টি।