মহাদেবপুরে পৌরসভা প্রয়োজন

আপডেট : ১৪ মার্চ ২০১৯, ২১:১৭

নওগাঁ জেলার  মহাদেবপুর উপজেলায় সদর একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র। এখানে প্রায় দুই শতাধিক চাল কল (চালের চাতাল) রয়েছে। এখানকার চাল ঢাকাসহ সারা দেশে যায়। নওগাঁ জেলার ১১ উপজেলার মধ্যে মহাদেবপুর উপজেলায় সবচেয়ে বেশি অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়। এ কারণে মহাদেপুরের আশেপাশের গ্রাম থেকে অনেকে উন্নত জীবন যাপন ও বাচ্চাদের পড়াশোনার জন্য মহদেবপুরে এসে বাসাবাড়ি নির্মাণ করে বসবাস করছে। কিন্তু মহাদেবপুর সদর শহর পৌরসভার আওতায় না হওয়ায় বাসিন্দাগণ পরিকল্পনামাফিক বাড়ি নির্মাণ করতে পারছেন না। ফলে যত্রতত্র শহরটি অপরিকল্পিতভাবে গড়ে উঠছে। তাছাড়া ড্রেনেজ সুবিধা না থাকায় মশা-মাছির উপদ্রব বেড়ে যাওয়ায় শহরবাসীদের নাগরিক জীবন অতিষ্ঠ। উপজেলা সদরটি পৌরসভার আওতায় না থাকায় সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। নওগাঁ জেলায় এর চেয়ে কম গুরুত্বপূর্ণ উপজেলা সদর পৌরসভার আওতায় এসেছে। অথচ মহাদেবপুরের মতো গুরুত্বপূর্ণ উপজেলা সদরকে পৌরসভায় উন্নতি করা হয়নি। এ অবস্থায়,  অবিলম্বে মহাদেবপুরকে পৌরসভায় উন্নত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মাননীয় স্থানীয় সরকারের মন্ত্রী মহোদয় ও স্থানীয় সংসদ সদস্যদের দৃষ্টি আকর্ষণ করছি।

মো. মোফাজ্জল হোসেন

প্লট ২৪/এ, সড়ক ১৩/এ, সেক্টর ৬,

উত্তরা, ঢাকা