একুশে ফেব্রুয়ারি কপটতায় পরিণত হয়েছে : ফখরুল

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৬, ২০:৫৬
মহান একুশে ফেব্রুয়ারি উৎসবে-অনুষ্ঠানে কপটতায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, একুশে ফেব্রুয়ারিকে নিয়ে আগের সেই আবেগও নেই, চেতনাও নেই। ভাষা সৈনিকরা এখন আবেগময় প্রভাতফেরী ফিরিয়ে দেয়ার আহ্বান জানাচ্ছেন।
 
সোমবার সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এ আলাচনা সভার আয়োজন করে। মির্জা ফখরুল এ সভায় সভাপতিত্ব করছিলেন।
 
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যে চেতনায় একুশে ফেব্রুয়ারির জন্ম হয়েছে, তা আজ কপটতা, ব্যবসা, উৎসব আর ফ্যাশনে পরিণত হয়েছে। ভাষাকে আজ বিকৃত করা হচ্ছে।যাদের কারণে আমরা মায়ের ভাষা ফিরে পেয়েছি, একটি স্বাধীন দেশ পেয়েছি। তাদের কথা মানুষ এখন জানতে পারে না।
 
তিনি বলেন, স্বাধীনতার মূল বীজ ছিল একুশে ফেব্রুয়ারি। আমরা যে ভূখণ্ডে বাস করছি। তার সূত্রপাত্র ভাষা আন্দোলনের মাধ্যমেই হয়েছে।-ফোকাস বাংলা