‘সিনেমার নাম এক হলেও গল্প এক নয়’

আপডেট : ১৪ মার্চ ২০১৯, ২১:২০
নিয়মিত চলচ্চিত্র নিয়ে ব্যস্ত আছেন চিত্রনায়ক সাইমন সাদিক। এরইমধ্যে বছরের প্রথম সিনেমা ‘মাতাল’ মুক্তি পেয়েছে। আরো কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে তার। শুধু তাই নয়, আরো কয়েকটি সিনেমা নিয়ে ব্যস্ত রয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় এই নায়ক। সম্প্রতি শুরু করেছেন ‘আনন্দ অশ্রু’ শিরোনামে নতুন একটি সিনেমা। তবে এটি সালমান শাহ অভিনীত ‘আনন্দ অশ্রু’ সিনেমার রিমেক নয়। পুরো নতুন গল্পে নির্মিত হবে সিনেমাটি। মাহিয়া মাহীর সাথে আবারো জুটি হিসেবে এই সিনেমায় দেখা যাবে সাইমনকে। সম্প্রতি পূবাইলে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। সিনেমাটি প্রসঙ্গে সাইমন বলেন, ‘আমার চেষ্টা থাকে ভালো ও মৌলিক একটি গল্পে করার। এই সিনেমাটিও তেমনই একটি। সিনেমার নামের সাথে সালমান শাহ’র আনন্দ অশ্রু সিনেমার শুধু নামের মিল রয়েছে। তবে সিনেমার নাম এক হলেও গল্প এক নয়।’