বহেড়াতলা লিট্ল ম্যাগাজিন চত্বরে জমেছে আড্ডা

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৬, ০৮:০৩
ব্যক্তিগত কিংবা ক্ষুদ্র গোষ্ঠীর স্বতন্ত্র চিন্থাধারাকে প্রকাশের ইচ্ছা থেকেই লিটল ম্যাগাজিনের জন্ম। প্রতিটি বই প্রকাশের সঙ্গে যুক্ত থাকে লগ্নী, যুক্ত থাকে লেখকের নামের সঙ্গে বাজারে বিবেকের প্রশ্ন। এসবের বিরুদ্ধে দাঁড়িয়েই সৃষ্টি হয়েছে লিটল ম্যাগাজিন আন্দোলন। অমর একুশে গ্রন্থমেলায় প্রতি বছরই এই লিটল ম্যাগাজিনের জন্য ছেড়ে দেয়া হয় বহেড়াতলা। লিটল ম্যাগাজিন চত্বরে এবারেও রয়েছে বেশকিছু প্রকাশনা। বিভিন্ন লিটল ম্যাগাজিন তাদের নামেই স্টল নিয়ে অংশ নিয়েছে বইমেলায়। বহেড়াতলায় জমে ওঠে কবি-লেখকদের আড্ডা।
 
এবারের বইমেলায় ৯০টি ছোট কাগজের সমাবেশ ঘটেছে বহেড়াতলায়। বিশাল বৃক্ষটিকে ঘিরে নান্দনিক সাজের প্রতিটি স্টলের নামকরণের মধ্যেও রয়েছে  সৌন্দর্যবোধের পরিচয়। মনছোঁয়া এমন কয়েকটি কয়েকটি স্টলের নাম হলো— বেহুলা বাংলা, রোদ্দুর, চিরকুট, কুঁড়েঘর, সাম্প্রতিক, মেঘফুল, কবিতাপত্র, প্রান্তস্বর, শব্দগুচ্ছ, লোক, শাহবাগ, নিসর্গ, অর্বাক, চর্যাপদ, কালের ধ্বনি, মত ও পথ, চালচিত্র, গল্পকথা, খেয়া, চৈতন্য, দাঁড়কাক, শালুক, সুন্দরম, সপ্তবর্ণ, শিরদাঁড়া, নতুন দিগন্ত, জংশন, তৃতীয় চোখ, চারবাক, জলছবি বাতায়ন, অনুরণন, কোরাস, প্রতিকথা, স্বপ্ন ’৭১’, হাতেখড়ি, পান্থজনের সখা, তুষারধারা, মানুষ, সরলরেখা, চারকোল, ম্যাজিক লণ্ঠন, ঘাসফুল, আড্ডাপত্র, পড়শি, অনুপ্রাণন ও ল্যাম্পপোস্ট।
 
বইমেলায় প্লাটফর্মের স্টলে আগুন
 
   গতকাল সোমবার সোহরাওয়ার্দী উদ্যানের অংশের  শিশুচত্বরের  পাশে প্ল্যাটফর্মের স্টলে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। সন্ধ্যা ৬টার পর দুই তরুণ স্টলটিতে আগুন দিয়েছে বলে সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজে ধরা পড়েছে। ভিডিও ফুটেজ অনুযায়ী, সন্ধ্যা ৬টা ০৭ মিনিটে দুইজন তরুণ আগুন লাগানোর চেষ্টা করেছে ওই স্টলটিতে। তারা দাহ্য পদার্থ দিয়ে আগুন ধরায়। সাথে সাথে পেছন থেকে লোকজনের চিত্কারে স্টলের পাশে থাকা লোকজন ও পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভায়।
 
বইমেলায় স্বরাষ্ট্রমন্ত্রী
 
সোমবার বিকেলে বইমেলার ‘নজরুল মঞ্চে’ একটি বইয়ের মোড়ক উন্মোচন করতে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি সাংবাদিক ওমর ফারুকের লেখা ‘ছোট সাহেবের ফাঁসি’ বইটির মোড়ক উন্মোচন করেন। বইটি বেরিয়েছে ভাষাচিত্র থেকে। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ এমপি। গতকাল মেলায় এসেছিলেন এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহীম। রায়হান আহমেদের উপন্যাস ‘হূদয়ে বঙ্গবন্ধু’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন তিনি। বইটি প্রকাশ করেছে মীরা প্রকাশন।
 
নতুন বই
 
বাংলা একাডেমির তথ্যমতে গতকাল মেলায় এসেছে ৬৪টি বই। এরমধ্যে গল্প ৪, উপন্যাস ১১, প্রবন্ধ ২, কবিতা ২৭, গবেষণা ১, ছড়া ২, শিশুতোষ ৩, রচনাবলী ১, মুক্তিযুদ্ধ ২, ভ্রমণ ২, রাজনীতি ৩, অনুবাদ ২ ও অন্যান্য ৪।
 
উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে কথাপ্রকাশ থেকে যতীন সরকারের ‘সাঁকো বাঁধার প্রত্যয়’, অবসর থেকে শিশির কুমার ভট্টাচার্যের ‘ব্ল্যাকহোল’, অন্যপ্রকাশ থেকে মোশতাক আহমেদের ‘লিলির ভালোবাসা’, সময় থেকে আলম তালুকদারের ‘ষোল কোটি ভোর’, বিজয়প্রকাশ থেকে আনিসা ফজলে লিচির ‘আবডুম বাগডুম’, কালিকলম প্রকাশনী এনেছে ড. তারেক শামসুর রেহমানের ‘যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতি’, অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদের ‘জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষণ’, কথা প্রকাশ এনেছে খন্দকার মাহমুদুল হাসানের ‘সুন্দরবনের গল্প’, অ্যাডর্ন পাবলিকেশন্স এনেছে এবিএম নুরুল হকের ‘বজ্রকণ্ঠ ও স্বাধীনতা: বঙ্গবন্ধুর ৭ই মার্চের’, পারিজাত প্রকাশনী এনেছে আবদুল গাফফার চৌধুরীর ‘ডানপিটে শওকত’, অনন্যা এনেছে ডা. সজল আশফাকের ‘ সুস্বাস্থ্যেও সাত সতের’, জয়তী এনেছে কাফি কামালের ‘আত্মীয়তার বন্ধনে রাজনীতি’, আগামী এনেছে রোকসানা মালেকের ‘উপকণ্ঠের মানুষ’।