জুভেন্তাস চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলর প্রথম লেগের লড়াইয়ে আজ নিজেদের মাঠের সুবিধা কাজে লাগিয়ে অতিথি বায়ার্ন মিউনিকের বিপক্ষে জয় প্রত্যাশা করছে। পক্ষান্তরে প্রতিপক্ষের মাঠে নিজেদের সেরাটা খেলার প্রত্যয় ব্যক্ত করছে কোচ পেপ গার্দিওলার দল। যদিও লড়াইটি খুব কঠিন হবে বলে মনে করছে তারা।
বায়ার্ন-জুভেন্তাস উভয়ই ইউরোপীয় ফুটবলের কুলীন বংশের দল। তাদের শোকেসে চ্যাম্পিয়ন্স লিগের বেশ কয়েকটি ট্রফি রয়েছে। দু’বার ক্লাব ফুটবলে ইউরোপ সেরার শিরোপা জয়ী জুভেন্তাস গত মৌসুমের রানার্স-আপ। ইতালিয়ান এই জায়ান্টকেই ২০১২-১৩ মৌসুমে কোয়ার্টার ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের পঞ্চম শিরোপাটি জয়ের পথ তৈরি করেছিলো বায়ার্ন।
বায়ার্নই একমাত্র বিদেশি দল, যারা ২০০৯ ও ২০১৩ সালে ইতালির মাটিতে জুভেন্তাসকে হারাতে সক্ষম হয়েছিলো। তাই এবারো জার্মান জায়ান্টদের সমীহ করছে জুভরা। দলটির ডিফেন্ডার আন্দ্রে বারজাগলি বলেন, ‘আমরা জানি, খেলাটিতে আমরা কিছু কঠিন মুহূর্তের মুখোমুখি হবো। যদিও এই ধরনের ম্যাচ খেলে আমরা অভ্যস্ত।’
খেলাটি কঠিন হবে বলে স্বীকার করলেন বায়ার্ন তারকা থমাস মুলার। তাই ‘চতুর’ জুভেন্তাসের বিপক্ষে বায়ার্ন কৌশলী ফুটবল খেলবে বলে জানালেন তিনি— ‘এটা কঠিন একটি ম্যাচ হতে যাচ্ছে। জুভেন্তাস চতুর একটি দল। তাদের মাঠটাও দুর্দান্ত। আমি তাদের বিপক্ষে খেলার জন্য মুখিয়ে আছি।’
সর্বশেষ খেলায় বুন্দেশলিগায় বায়ার্ন ড্রামস্টেডের বিপক্ষে ৩-১ গোলে জয় পেলেও বেশ কষ্ট করতে হয়। তবে জুভেন্তাসের মাঠে বায়ার্ন ভিন্ন ধরনের পারফরম্যান্স দেখাবে বলে জানালেন মুলার— ‘আমরা খেলাটিতে (ড্রামস্টেডের বিপক্ষে) আমাদের সুযোগগুলোর সর্বোচ্চ ব্যবহার করতে পারিনি, যার জন্য আমাদের সমস্যায় পড়তে হয়েছে। কিন্তু জুভেন্তাসের বিপক্ষে জয় পেতে হলে আমাদের অবশ্যই ভিন্ন ধরনের পারফরম্যান্স দেখাতে হবে।’—সকারওয়ে
