আওয়ামী লীগ কাউন্সিলর প্রার্থীদের মনোনয়ন, সংঘর্ষ-গোলাগুলি

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৬, ১২:৪১
সীতাকুণ্ডে দিনব্যাপী সংঘর্ষ ও গোলগুলির মধ্যে দিয়ে ইউনিয়ন আওয়মী লীগ কাউন্সিলরদের ভোটের মাধ্যমে নৌকার প্রার্থী মনোনীত করা হয়েছে। সংঘর্ষের সময় ৬ জন গুলিবিদ্ধসহ ১২ জন আহত হয়েছেন।
           
সরেজমিনে প্রত্যেকটি ইউনিয়ন ঘুরে জানা গেছে, কোন কোন ইউনিয়নে ৩-৭ জন দলীয় মনোনয়ন প্রত্যাশী হওয়ার কারণে গত সোমবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত স্ব-স্ব ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় কাউন্সিলরদের ভোট গ্রহণ চলে। পৌরসভা প্রাঙ্গণে ২নং ইউনিয়নের ভোট গ্রহণ চলা অবস্থায় বিকাল ৪টায় নৌকা মনোনয়ন প্রার্থী সাইদুল ইসলাম গ্রুপের সঙ্গে হঠাৎ সংঘর্ষ বেঁধে গেলে হারুন বাহিনীর প্রধান হারুন, সাইফুল ও ডিপজল আহত হন। অপরদিকে ৬নং ইউনিয়নে ভোট চলাবস্থায় বিকাল ৩টায় ভোট গ্রহণে অনিয়ম হলে ইউনিয়ন সভাপতি আরিফুল আলম চৌধুরী রাজুর কর্মীরা প্রতিবাদ করে। এতে বর্তমান চেয়ারম্যান শওকত গ্রুপের কর্মীরা তাদের ওপর গুলি চালায়। এতে রাজু গ্রুপের জসিম উদ্দিন চৌধুরী, মো. কামাল উদ্দিন, মো. মিয়া, মো. আলী, মো. মামুন ও মো. ইউছুপ গুলিবিদ্ধসহ আরো কয়েকটি ইউনিয়নে বিক্ষিপ্ত সংঘর্ষে জাবেদ, আলাউদ্দিন ও নাজিম উদ্দিন আহত হন। পরে স্থানীয়রা গুলিবিদ্ধদের আশংকাজনক অবস্থায় চমেক হাসপাতালে পাঠায়। জেলা থেকে স্ব-স্ব ইউনিয়নে নিয়োগকৃত নির্বাচন কমিশনার ভোট গণনা শেষে সন্ধ্যা ৭টায় বিজয়ী দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করে।
 
ইউনিয়ন কাউন্সিলরদের ভোটে নির্বাচিতরা হলেন- ১নং ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান এইছ এম তাজুল ইসলাম নিজামী (এমএ বিএড), ২নং ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব রেহান উদ্দিন রেহান, ৪নং ইউনিয়নে মো. জাহেদ হোসেন বাবু (সেক্রেটারি), ৫নং ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান সাদাকাত উল্ল্যা নিয়াজী, ৬নং ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো. শওকত আলী জাহাঙ্গীর, ৭নং ইউনিয়নে আলহাজ্ব মো. মোরশেদ হোসেন চৌধুরী (সেক্রেটারি), ৮নং ইউনিয়নে মনির আহম্মদ, ৯নং ইউনিয়নে মো. নাজিম উদ্দিন (সভাপতি), ১০নং ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব মো. সালাউদ্দিন আজিজ।  
 
এদিকে একইদিন রাত সাড়ে ৮টায় ৫নং ইউনিয়ন আওয়ামী লীগ কমিটি বৈধ নয় বিধায় বর্তমান চেয়ারম্যান সাদাকাত উল্ল্যাকে নৌকা প্রতীকে দলীয় মনেনেয়ন না দেয়ার জন্যে আরেক মনোনয়ন প্রত্যাশী সাবেক চেয়ারম্যান এজেএম মহসিন জাহাঙ্গীর এক সাংবাদিক সম্মেলন করেন। 
 
সাংবাদিক সম্মেলনে মহসিন বলেন, জামায়াত-বিএনপির মদদ দাতা সাদাকাত উল্ল্যাকে অবৈধ কমিটির মাধ্যমে দলীয় মনোনয়ন না দিতে জোড় দাবি জানাই। তিনি যথাযথ কমিটির মাধ্যমে বা অন্য কোন সাংগঠনিক উপায়ে বাংলাদেশের লাইফ লাইন খ্যাত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অন্তর্গত অত্যন্ত গুরুত্বপূর্ণ বাড়বকুন্ড এলাকার ভবিষ্যৎ আন্দোলন সংগ্রামের বিষয়টির দিকে নজর দিয়ে দলীয় প্রার্থী মনোনয়নের অনুরোধ করেন।
 
পাশপাশি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়াও বাড়বকুন্ড ইউনিয়ন কমিটি উপজেলা আওয়ামী লীগ কর্তৃক অনুমোদিত নয় বিধায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কেন্দ্রীয় সভানেত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের প্রতি লিখিত অভিযোগ করেন।