রাজধানীর কাকলীতে পুলিশের গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী ছাত্রের মৃত্যুর ঘটনার তদন্ত ও দোষীদের বিচারের দাবিতে শ্যামলীতে সড়ক অবরোধ করেছে আশা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা দিকে সোহরাওয়ার্দী হাসপাতাল ও শিশু মেলার মাঝামাঝি জায়গায় সড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা। এতে আসাদ গেইট থেকে গাবতলীর দিকের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
বিক্ষোভরত শিক্ষার্থীরা জানান, আমরা দোষীদের উপযুক্ত বিচার চাই।
মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (তেজগাঁ বিভাগ) ওয়াহিদুল ইসলাম বলেন, ঘণ্টা দেড়েক ধরে অবরোধ চলছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করছি।
সোমবার কাকলীতে রিকুইজেশন করা পুলিশের একটি বাস উল্টো পথে যাওয়ার সময় একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা আশা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিয়াজ উদ্দিন মারা যান। ঐ মোটরসাইকেলে থাকা রাজিন নামে অপর এক ব্যক্তিকে আহত হন।
