ঢাকার কাকলীতে পুলিশের গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী ছাত্রের মৃত্যুর ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে আশা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার শ্যামলীতে বেলা সাড়ে ১২টা থেকে প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন তারা।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানিয়েছেন, শনিবার দুপুরের মধ্যে দোষীদের গ্রেফতার করা না হলে আবারো তারা সড়কে নামবেন।
সোমবার কাকলীতে রিকুইজেশন করা পুলিশের একটি বাস উল্টো পথে যাওয়ার সময় একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা আশা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিয়াজ উদ্দিন মারা যান। ঐ মোটরসাইকেলে থাকা রাজিন নামে অপর এক ব্যক্তিকে আহত হন।
এই ঘটনার প্রতিবাদে আশা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ বেলা সাড়ে ১২টার দিকে সোহরাওয়ার্দী হাসপাতাল ও শিশু মেলার মাঝামাঝি জায়গায় সড়কে অবস্থান নেয়। পরে বেলা পৌনে ২টার দিকে তারা রাস্তা থেকে সরে যান।
মোহাম্মদপুর থানার ওসি জামাল উদ্দিন মীর জানান, শিক্ষার্থীরা অবরোধের কারণে আসাদ গেইট থেকে গাবতলীর দিকের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
