বইমেলার আয়োজকরা পক্ষপাতদুষ্ট: মনিরুল হক

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৬, ২১:০৮
 
অনন্যা প্রকাশনীর প্রকাশক মনিরুল হক বললেন, এ বছর সব মিলিয়ে বইমেলায় ভাল হয়ে পাঠক আসছেন, নির্বিঘ্নে বই কিনতে পারছেন। বইমেলা প্রতিবছর ফেব্রুয়ারিতে শুরু হয়। আর বাংলা একাডেমি সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মেলা শুরু আগে নেয়। ফলে মেলা শুরুর পরে বিশৃংখল-পরিস্থিতির সৃষ্টি হয়। এবারও তাই হয়েছে।’
 
তিনি অভিযোগ করেন, স্টলের লটারি নিয়ে লুকোচুরি করা হয়েছে। স্টলের নাম্বার না দিয়ে লটারি করায় যেমন ইচ্ছা তেমন করে স্টল সাজানোর সুযোগ পেয়েছে। তাছাড়া লটারি হয়ে যাওয়ার পরেও ২১টি প্রকাশনী নিজের ইচ্ছা মতো স্টলের জায়গা পছন্দ করে স্টল বানিয়েছেন। বাংলা একাডেমি এবং মেলার সদস্য সচিব এসব নিয়ে কোনো ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছেন। এর মানে এই দাঁড়ায় তারাও এর সঙ্গে যুক্ত। যখন সবাইকে নিয়ে মেলা করবে তখন তাকে নিরপেক্ষ হতে হবে। সবার প্রতি সমান দৃষ্টি দিতে হবে। পক্ষপাতদুষ্ট হয়ে দায়িত্ব পালন করা যায় না।’
 

মনিরুল হক জানান, মেলার বিন্যাসেও বেশ কিছু ত্রুটি রয়েছে। মেলার সীমানা দেয়াল ঘেঁষে যেসব স্টল রয়েছে সেগুলো আড়ালে পড়ে গেছে। আগামী বছর মেলার বিন্যাস এমন করা প্রয়োজন যাতে সব স্টল সমান সুযোগ পায়।