সোমবারে একটি স্টলে আগুন লেগেছিল। অনেকের আশংকা, নাশকতার চেষ্টা। তাছাড়া ধর্মকে কটাক্ষ করে বই প্রকাশ করায় একটি স্টল বন্ধ করা হয়। এসব নিয়েও উত্তেজনা ছড়িয়েছিল খানিক। কিন্তু পাঠকের বইয়ের প্রতি ভালবাসা এসব আশংকা, উত্তেজনা উড়িয়ে দিয়েছে। পাঠকদের দলে দলে মেলায় এসে স্টলে স্টলে ঘুরেফিরে বই কেনার বাইরে আর কোনকিছুই স্থান পাচ্ছে না। বরাবর বইমেলায় এমনটাই হয়। শেষ সপ্তাহে এসে বই বিক্রি বেড়ে যায়। সেইসঙ্গে তরুণদের বই প্রকাশ ও মোড়ক উন্মোচনের জোয়ার লাগে বইমেলায়। এবারও তাই ঘটছে। নজরুল মঞ্চে তো ঠাঁই-ই মিলছে না। মিলছে না একটা বইয়ের মোড়ক উন্মোচনের সময়। অনেক তরুণ লেখক তার দলবল নিয়ে অপেক্ষা করছে নিজের বইয়ের প্রকাশনা অনুষ্ঠানের। জমজমাট লেখক-পাঠক-প্রকাশকদের মিলনমেলা।
প্রকাশকদের অভিযোগ
বাংলা একাডেমির কাছে ১২ দফা অভিযোগ ও অসন্তুষ্টি তুলে ধরেছে বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি। প্রকাশকরা বলছেন, মেলায় বিভিন্ন স্টলে পাইরেটেড বই বিক্রি হচ্ছে। এমনকি ভারতীয় লেখকদের বই বেআইনিভাবে বিক্রি হচ্ছে মেলার বিভিন্ন স্টলে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন তারা। বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান বলেন, প্রকাশকরা অভিযোগ করেই ক্ষান্ত দিচ্ছেন। মেলা যদি তাদেরও হবে তবে যেদিন আগুন ধরলো সেদিন কেউ এসেছিল আমাদের কাছে। পাশে এসে দাঁড়ালেও তো ভাল লাগে। প্রকাশকরা দায়িত্ব পালনে নেই, শুধু অভিযোগ। পাইরেটেড বই প্রসঙ্গে তিনি বলেন, এ জন্য টাস্কফোর্স রয়েছে। সেই টাস্কফোর্সেও সদস্য প্রকাশকরা। তারাই তো পারেন যেসব প্রকাশক এসব বই বিক্রি করছেন সেসব স্টল বন্ধ করে দিতে।
মেলায় বই প্রকাশ অনুষ্ঠানে পুলিশ মহাপরিদর্শক
গতকাল একাডেমির শামসুর রাহমান কক্ষে ডিএমপির অতিরিক্ত কমিশনার আবিদা সুলতানার ‘শহীদ পুলিশের রক্তের ঋণ’ বইয়ে প্রকাশনা উত্সব হয়েছে। মুক্তিযুদ্ধে পুলিশের সাহসী ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরা বইটি প্রকাশ করেছে সময় প্রকাশন। প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক। সময় প্রকাশন-এর স্বত্বাধিকারী ফরিদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, মুক্তিযোদ্ধা মাহবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া প্রমুখ। আইজিপি বলেন, স্বাধীনতা যুদ্ধে পুলিশের যে অবদান, তা নিয়ে অনেক বছর কাজ হয়নি। স্বাধীনতার ৪০ বছর পর পুলিশ সদস্যদের স্বাধীনতা পদক দেয়ার দাবি জানানো হয়েছিল। পুলিশের অবদান নিয়ে নতুন নতুন গবেষণা হওয়া উচিত।
মোস্তফা চৌধুরীর বইয়ের প্রকাশনা উৎসব
কানাডা প্রবাসী মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক মোস্তফা চৌধুরীর নতুন বইয়ের প্রকাশনা উত্সব অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাংলা একাডেমির সভাকক্ষে গতবার প্রকাশিত ‘একাত্তরের যুদ্ধশিশু’র ইংরেজি সংস্করণ ‘আনকন্ডিশনাল লাভ : স্টোরি অব অ্যাডাপশন অব ১৯৭১ ওয়ার বেবিস্্’। বইটি প্রকাশ করেছে এপিপিএল। মোড়ক উন্মোচন করেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান ও এপিপিএলের কর্নধার ড. মীজানুর রহমান শেলী।
বইটি প্রসঙ্গে লেখক বলেন, একাত্তরে পাকিস্তানি হানাদার বাহিনীর ধর্ষণের ফলে যুদ্ধশিশুদের অনেককেই কানাডায় দত্তক নেয়া হয়। সেসব যুদ্ধশিশুর জীবন ও তাদের পালক মাতা-পিতার মন্তব্য নিয়ে বইটি সাজিয়েছি। গতবার এর বাংলা সংস্করণ এসেছিল, এবার ইংরেজি সংস্করণ প্রকাশ করেছি।
নতুন বই
বাংলা একাডেমির তথ্যমতে মঙ্গলবার নতুন বই এসেছে ৯৩টি। এর মধ্যে গল্প ১৪, উপন্যাস ১৯, প্রবন্ধ ৪, কবিতা ২৭, ছড়া ৫, শিশুতোষ ১, জীবনী ৩, রচনাবলী ১, ভ্রমণ ২, ইতিহাস ৪, রাজনীতি ১, অনুবাদ ১, সায়েন্স ফিকশন ১ ও অন্যান্য ১০।
উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে অবসর থেকে হুমায়ূন আহমেদের ‘তিন কন্যা’, দেশ পাবলিকেশন্স এনেছে খান চমন-ই-এলাহির উপন্যাস ‘ভূমিকন্যা’, ধ্রুবপদ থেকে রীতা ভৌমিকের ‘একাত্তরে সেই গেরিলা ২’, মোহাম্মদ সাদিকের ‘কবিতাসংগ্রহ’, হাতেখড়ি প্রকাশন এনেছে গোলাম কুদ্দুসের ‘বাংলাদেশের রাজনীতি ১৯৭৫ থেকে ১৯৮১’, শোভা প্রকাশ এনেছে আলী ইমামের ‘দুঃসাহসিক অভিযান’, চিত্রা প্রকাশনী এনেছে ধ্রুব এষের ‘ভূত আছে ভূত নাই’, হাবিবুল্লাহ সিরাজীর ‘প্রেমের কবিতা’, অনিন্দ্য প্রকাশ এনেছে ড. আনিসুজ্জামানের ‘আলাউদ্দিন আল আজাদের অগ্রন্থিত রচনা সমগ্র’, অনন্যা এনেছে কামরুল হাসানের ‘হায়াকু হাইকু’, ঐতিহ্য এনেছে জাকির তালুকদারের ‘আহ্নিক গতি’, কথা প্রকাশ এনেছে সুব্রত বড়ুয়ার ‘গ্রহণের দিন’, ভ্রমণ প্রকাশনী থেকে মোহাম্মদ মামুনুর রশীদের ‘ভেঙে পড়ে বাতাসের সিঁড়ি’ প্রভৃতি।
গ্রন্থমেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হয় মোহাম্মদ নাসির আলী জন্মশতবার্ষিকীর আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করেন শিশুসাহিত্যিক আলী ইমাম। আলোচনায় অংশগ্রহণ করেন কবি আসাদ চৌধুরী, শিশুসাহিত্যিক লুত্ফর রহমান রিটন এবং শিশুসাহিত্যিক কাইজার চৌধুরী। সভাপতিত্ব করেন ড. সৈয়দ মোহাম্মদ শাহেদ। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন বাংলা একাডেমির কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ।
আজকের অনুষ্ঠান
আজ বুধবার গ্রন্থমেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হবে ‘বাংলাদেশে শিক্ষা ব্যবস্থার প্রসার ও মান উন্নয়নে সমস্যা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করবেন লেখক গবেষক আবুল মোমেন।
