বইমেলায় খন্দকার এনামুল হকের ‘জগাই’

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৬, ১১:৫৪
 
প্রতিটি মানুষের মাঝেই আলাদা কিছু বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। একটি ট্রাকের সাধারণ হেলপার জগাই। তারও রয়েছে কিছু বৈশিষ্ট্য, রয়েছে স্বপ্ন, রয়েছে না বলা কথা, না পাওয়ার ব্যাথা।
 
ট্রাকের হেলপার বলে তুচ্ছ তাচ্ছিল্যের বিষয় নয়, জগাই। বরং সমাজের একজন উচ্চ শিক্ষিত প্রতিষ্ঠিত ব্যক্তি যা উপলব্ধি করতে পারে না, জগাই তা খুব সহজেই উপলব্ধি করতে পারে। জগাইয়ের আছে মোহনীয় দৃষ্টি, একটা সুন্দর মন, যে মনটায় শুধু মায়ায় ভরা। অর্থের মোহে পরে আমরা ভুলে যাই অনেক কিছু। জগাই ভুলে না। ভুলতে পারে না।
 
জীবনের নানা চড়াই-উৎড়াই, ভুল-ভ্রান্তি, চাওয়া-পাওয়া নিয়েই জগাই চরিত্রটি সাজিয়েছেন লেখক।
 
লেখকের ভাষ্যে, কলকাতার শিল্পী নচিকেতা চক্রবর্তীর পাগলা জগাই গানটি যখন প্রথম শুনলেন, তখন থেকেই জগাই চরিত্রটি নিজের ভিতর লালন করে চলেছেন। একটু একটু করে সাজিয়েছেন চরিত্রটি। তবে চরিত্রটি কোন কাল্পনিক বিষয়বস্তুর প্রেক্ষাপটে সৃষ্টি হয়নি। এতে জীবনের জয়-পরাজয়ের বাস্তব কিছু চিত্র উঠে এসেছে।
 
বইটি একুশে গ্রন্থ মেলায় বইপত্র প্রকাশনীর ১২৭ এবং ১২৮ নং স্টলে পাওয়া যাচ্ছে।
 
খন্দকার এনামুল হক পেশায় একজন গ্রাফিক্স ডিজাইনার। 
 
একটি জাতীয় দৈনিকের পাশাপাশি অস্ট্রেলিয়া থেকে প্রকাশিত মাসিক মুক্তমঞ্চে কর্মরত আছেন।