আগামী ১৬ মার্চ শনিবার থেকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হচ্ছে সাতদিনব্যাপী ৭ম জাতীয় এসএমই পণ্য মেলা। শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন মেলাটি উদ্বোধন করবেন। মেলা উপলক্ষে বৃহস্পতিবার ফাউন্ডেশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন কে এম হাবিব উল্লাহ এ তথ্য জানান। তিনি জানান, এ বছরে সারা দেশ থেকে ২৮০টি এসএমই উদ্যোক্তা প্রতিষ্ঠান তাদের উত্পাদিত পণ্য নিয়ে এই মেলায় অংশগ্রহণ করবে। উদ্যোক্তাদের মধ্যে ১৮৮ জন নারী উদ্যোক্তা এবং ৯২ জন পুরুষ উদ্যোক্তা অর্থাত্ মেলায় ৬৭% নারী উদ্যোক্তা অংশগ্রহণ করবে।
মেলায় দেশে উত্পাদিত পাটজাত পণ্য, খাদ্য ও কৃষি প্রক্রিয়াজাত পণ্য, চামড়াজাত সামগ্রী, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স সামগ্রী, লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য, আইটি পণ্য, প্লাস্টিক ও অন্যান্য সিনথেটিক, হস্তশিল্প, ডিজাইন ও ফ্যাশনওয়্যারসহ অন্যান্য মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের স্বদেশি পণ্য প্রদর্শিত ও বিক্রয় হবে। কোনো বিদেশি পণ্য মেলায় প্রদর্শন ও বিক্রয় করা হবে না। মেলা আগামী ২২ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা হতে রাত ৮টা পর্যন্ত চলবে। মেলায় কোনো প্রবেশ মূল্য নেই। জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ‘জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার-২০১৯’ প্রদান করবে। এছাড়া মেলা উপলক্ষে চারটি সেমিনার আয়োজন করা হবে।
