ঢাকায় শাখা অফিস খুলবে জেনারেল ইলেকট্রিক

আপডেট : ১৪ মার্চ ২০১৯, ২১:৩৮

যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান জেনারেল ইলেকট্রিক (জিই) কার্যক্রম পরিচালনার জন্য বাংলাদেশে একটি শাখা অফিস খুলতে চায়। এজন্য বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সহায়তা চেয়েছেন প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। গতকাল বিডার নির্বাহী চেয়ারম্যান কাজী মো. আমিনুল ইসলাম এর সঙ্গে বিডা কার্যালয়ে জিই এর কান্ট্রি ম্যানেজার নওশাদ আলী, দক্ষিণ এশিয়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও কমার্শিয়াল ফাইনান্স গুঞ্জন ভারতিয়া এবং দক্ষিণ এশিয়ার সিনিয়র কাউন্সেল ও ভাইস প্রেসিডেন্ট কর্পোরেট অ্যাফেয়ারস অ্যান্ড পলিসি আবিদুর রহমান চৌধুরী সাক্ষাত্ করেন। গুঞ্জন ভারতিয়া বলেন, বাংলাদেশে একটি শাখা অফিসের মাধ্যমে প্রতিষ্ঠানটি কার্যক্রম পরিচালনা করতে চায়। এর ফলে এদেশিদের দেশের অভ্যন্তরে ও দেশের বাইরে নিয়োগ দেওয়া সম্ভব হবে। কাজী আমিনুল ইসলাম বলেন, জিই একটি সুপ্রতিষ্ঠিত আন্তর্জাতিক প্রতিষ্ঠান। তাদের উদ্যোগ প্রশংসনীয়। বাংলাদেশে জিই-এর সকল প্রকার সহযোগিতার জন্য বিডা প্রস্তুত বলে তিনি উল্লেখ করেন।