রাজধানীতে শিলাবৃষ্টিতে কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশনে থাকা কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার ১৩ নেতা-কর্মী আহত হয়েছেন। ফাল্গুনের দুপরে বুধবার আকাশ কালো করে মেঘ আর ঝড়ো হাওয়ার পর শিলা বৃষ্টি চমকে দিয়ে যায় রাজধানীবাসীকে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ি পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক জানান, অনশনে আসা ১৩ জনকে দুপুরে হাসপাতালে আনা হয়। তারা সবাই কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি)। শিলার আঘাতে সবার মাথাসহ বিভিন্ন স্থানে ফুলে গেছে। এদের মধ্যে হাবিবুর বেশি আহত হন। সবাই জরুরি বিভাগে চিকিত্সা নিয়েছেন।
আহতরা হলেন- সানজিদা আক্তার, আকলিমা বেগম, শিমুল খান, শরীফ হোসেন সুমন, মফিজুল, মহিউদ্দিন, আক্তার, রেজাউল করিম, ফয়সাল, মাসুদ রানা, মাহমুদুল আলম ও হাবিবুর রহমান।
মোজাম্মেল হক জানান, চাকরি জাতিয়করণের দাবিতে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা ৭০-৮০ জন কম্যুনিটি স্বাস্থ্যকর্মী ওই অনশনে অংশ নিয়েছেন।
