বগুড়ায় স্বেচ্ছাসেবকলীগ নেতার আস্তানা থেকে অস্ত্র উদ্ধার

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৬, ২১:০০
 
বগুড়ার শাজাহানপুর থানা পুলিশ স্বেচ্ছাসেবকলীগ নেতার আস্তানা থেকে রিভলবার-গুলি, ককটেল ও বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করেছে। এ সময় এক স্বেচ্ছাসেবকলীগ কর্মীকে আটক করা ছাড়াও জব্দ করা হয়েছে ১০টি মটরসাইকেল, ২টি প্রাইভেটকার। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের উপর হামলার পরিকল্পনাকালে পুলিশ এই অভিযান চালায়। বুধবার বিকেলে শাজাহানপুর উপজেলার উমরদিঘী বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত টাইগার স্পোটিং ক্লাব থেকে এসব অস্ত্র্ত্র উদ্ধার করা হয়।
 
পুলিশ সূত্র জানায়, বুধবার বিকেল পাঁচটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শাজাহানপুর থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের একটি দল শাজাহানপুর উপজেলার উমরদিঘী বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত টাইগার স্পোটিং ক্লাব ঘিরে ফেলে। এ সময় জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাজেদুর রহমান শাহিন ওরফে ভিপি শাহীন দলীয় নেতাকর্মীদের নিয়ে ক্লাবের ভিতরে অবস্থান করছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে ক্লাবের ভিতর থেকে ভিপি শাহীন ছাড়াও অন্যান্য নেতাকর্মীরা পালিয়ে যায়। পরে পুলিশ ক্লাবের ভিতরে তল্লাশি চালিয়ে ২০টি ককটেল ছাড়াও চাকু, রামদা ও বল্লমসহ ১৫টি দেশীয় তৈরী অস্ত্র উদ্ধার করে। পরে ক্লাবের বাহিরে থাকা একটি প্রাইভেটকার তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় পুলিশ স্বেচ্ছাসেবকলীগ কর্মী আসাদুর রহমানকে গ্রেফতার করে। এছাড়াও ক্লাবের সামনে থেকে পুলিশ নেতাকর্মীদের ফেলে রেখে যাওয়া ১০টি মটরসাইকেল ও ২টি প্রাইভেট কার জব্দ করে।
 
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, উদ্ধারকৃত ১টি রিভলবার  ৪ রাউন্ডগুলি ও দেশী তৈরী অস্ত্র থানায় নিয়ে আসা হয়েছে।এছাড়াও ১০টি মটরসাইকেল ২টি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। এরসাথে জড়িতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হবে।