নেদারল্যান্ডে ভিন্ন আঙ্গিকে অমর একুশে পালিত

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৬, ২১:০২
'আমাদের মাতৃভাষা, সংস্কৃতিকে এবং বৈচিত্রের মধ্যকার ঐক্যকে আমাদের বাঁচাতেই হবে'। নেদারল্যন্ডের দ্য হেগের জাউদার পার্কে ২১শে ফেব্রুয়ারি বাংলাদেশ দূতাবাস আয়োজিত অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন অনুষ্ঠানে প্রায় ১০ টি দেশের কয়েকশত মানুষের এই ছিল আকুতি।
 
এ বছর ভারত, ইন্দোনেশিয়া, মালয়শিয়া, নেপাল, শ্রীলংকা, থাইল্যান্ড ও ভিয়েতনাম দূতাবাসের কূটনীতিক ও কর্মকর্তাগণ বাংলাদেশ দূতাবাস আয়োজিত অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দেন।
 
অমর একুশের অনুষ্ঠানমালা শুরু হয় ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে দ্য হেগের ডেপুটি মেয়র, রাষ্ট্রদূতবৃন্দের শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ অর্পনের মাধ্যমে। পরবর্তীতে দূতাবাস, হল্যান্ড আওয়ামী লীগ ও প্রবাসীদের সংগঠন 'সীমানা পেরিয়ে', 'সোনার বাংলা' ও সর্বস্তরের জনগন পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শহীদের প্রতি শ্রদ্ধা জানান। এর আগে দূতাবাস প্রাঙ্গনে জাতীয় পতাকা অর্ধনমিত করেন রাষ্ট্রদূত।
IMG0
বাংলাদেশের রাষ্ট্রদুত শেখ মুহম্মদ বেলাল বায়ান্নর ভাষা আন্দোলনে শহীদের শ্রদ্ধা জানিয়ে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উদ্দীপনায় মানবিকতা কে প্রাধান্য দেয়ার আহ্বান জানান। রাষ্ট্রদূত সহনশীলতা ও সংলাপে সকলকে উদ্বুদ্ধ করতে ভাষাগত বৈচিত্র ও সাংস্কৃতিক ঐতিহ্যকে লালন করার প্রতি গুরুত্বারোপ করেন। এসময় তিনি বাংলাদেশের স্বাধীনতা অর্জনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনন্যসাধারণ নেতৃত্বের কথা স্মরণ করেন।
 
দিবসটি উপলক্ষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে বাংলাদেশ, ভারত, মালয়শিয়া, নেপাল, শ্রীলংকা, থাইল্যান্ড ও ভিয়েতনামের স্থানীয় অধিবাসীরা অংশ নেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহনকারী দেশসমূহের ঐতিহ্যবাহী রংবেরং এর পোষাক ও পরিবেশনা সকলকে মুগ্ধ করে।
 
অনুষ্ঠানশেষে রাষ্ট্রদূত পত্নী ড. দিলরুবা নাসরিন অংশগ্রহনকারী শিল্পীদের হাতে স্মারক উপহার তুলে দেন। সবশেষে নেদারল্যান্ডের বিভিন্ন স্থান ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগত প্রায় তিন শতাধিক অতিথিকে আপ্যায়িত করা হয় চিরায়ত বাংলার ঐতিহ্যবাহী আতিথেয়তায়।