বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় মহান একুশ ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করলো ফ্রান্স প্রবাসী বাঙ্গালীরা।
২১ ফেব্রুয়ারি স্থানীয় সময় সকাল ১০টায় প্যারিসের বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে অস্থায়ী শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন ফ্রান্স সফররত বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। শ্রদ্ধা জানানোর পর দূতাবাসের হেড অব চেন্সরি হযরত আলী খানের পরিচালনায় ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্টিত হয়।
IMG0
এ সময় দূতাবাসের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিতকরণ, শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, গীতা, বাইবেল ও ত্রিপিটক পাঠ, শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ।
প্যারিসে একুশ উদযাপনের সবচেয়ে বড় আয়োজনটি ছিল আইফেল টাওয়ারের পাদদেশে। ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে স্থানীয় সময় বিকাল ৪টায় টাওয়ার প্রাঙ্গণ হাজারো প্রবাসীর পদচারনায় মুখরিত হয়ে ওঠে। বাঙ্গালীদের পাশাপাশি অনেক ফরাসী ও বিদেশিরাও অংশগ্রহণ করেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এই অনুষ্ঠানে। একুশ উদযাপন পরিষদ ফ্রান্সের আয়োজনে এ সময় ভাষা শহীদদের শ্রদ্ধা জানান প্যারিসস্থ বাংলাদেশ দুতাবাস, আন্তজার্তিক খ্যাতিসম্পন্ন মূকাভিনেতা ও একুশে পদকপ্রাপ্ত শিল্পী পার্থ প্রতিম মজুমদার, অল ইউরোপীয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন, ফ্রান্স বাংলা প্রেসক্লাব, ফ্রান্স আওয়ামী লীগ, ফ্রান্স বিএনপি, মহিলা দল, বাংলাদেশ ইকোনামি চেম্বার, কুলাউড়া অ্যাসোসিয়েশন, স্বরলিপি শিল্পীগোষ্ঠী, ঢাকা বিভাগ অ্যাসোসিয়েশন, সিলেট বিভাগ সমাজকল্যাণ সমিতি, বরিশাল অ্যাসোসিয়েশনসহ ৫০টির অধিক বাংলাদেশি সংগঠন।
IMG1
এই বছর একুশে ফেব্রুয়ারি রবিবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় প্যারিসে অস্থায়ীভাবে নির্মিত একাধিক শহীদ মিনারে ছিল শ্রদ্ধা জানাতে আসা মানুষের ভিড়।
আইফেল টাওয়ারের পাদদেশে অনুষ্ঠিত একুশ উদযাপনের অনুষ্ঠানটি পরিচালনা করেন এমদাদুল হক স্বপন এবং রীমা ফেরদৗস । এ সময় আয়োজক কমিটির মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইকোনমিক চেম্বারের প্রেসিডেন্ট কাজী এনায়েত উল্লা, টি এম রেজা, শরিফ আল মোমিন, সুব্রত ভট্টাচার্য শুভ, কামাল মিয়া, রেদওয়ান জুয়েল, নয়ন ফেরদৌস ও জাকারিয়া মিঠু।
IMG2
এদিকে একুশের প্রথম প্রহরে বাংলাদেশের সঙ্গে মিল রেখে মহান ভাষা শহীদদের শ্রদ্ধা জানান ফ্রান্স আওয়ামী লীগ। প্যারিসের কেতসীমা্র একটি হলে অস্থায়ীভাবে নির্মিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন ফ্রান্স সফররত বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।
IMG3
এছাড়াও বিকাল ২টায় টায় উদীচী সংসদ ফ্রান্স আয়োজিত শহীদ মিনারের পুষ্পস্তবক অর্পণ করা হয়। অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বাংলাদেশ যুব ইউনিয়ন ফ্রান্স কমিটির উদ্যোগে লাকুরনভ এলাকায় অবস্থিত ফ্রেঞ্চ বাংলা স্কুলে দিনব্যাপী বইমেলার আয়োজন করা হয়।
