মাতৃভাষা দিবসে যুক্তরাষ্ট্র ডাক বিভাগের স্মারক সিলমোহর

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৬, ২১:৫৬
নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে অমর একুশে উদযাপনের ২৫ বছর পূর্তিতে যুক্তরাষ্ট্র ডাক বিভাগ একটি স্মারক সিলমোহর চালু করেছে।
 
স্থানীয় সময় সোমবার নিউইয়র্কের জ্যাকসন হাইটস পোস্ট অফিসে সব চিঠিপত্রে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্মারক সিলমোহরটি ব্যবহার হয়।
 
এর আগে বিশেষ এই স্মারক সিলমোহর উন্মোচন করেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মো.শামীম আহসান। বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরসহ ১১ বিশিষ্টজনের কাছে পাঠানো চিঠির খামে এই সিলমোহর ব্যবহার করা হয়।
 
বিশেষ এই সিলমোহরের বাঁ দিকে রয়েছে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি। উপরের দিকে লেখা রয়েছে সেলিব্রেটিং টোয়েন্টি ফাইভ ইয়ার্স অব একুশে ফেব্রুয়ারি, এসটিএ। আগামী একমাস এই সিলমোহর ব্যবহার করা হবে।
 
অনুষ্ঠানে কনসাল জেনারেল শামীম আহসান বলেন, ‘মায়ের ভাষার জন্য বাঙালির রক্তদানের অবিস্মরণীয় ঘটনাকে সারা বিশ্বে ভাষা সুরক্ষার প্রতীকে পরিণত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের পোস্টাল ডিপার্টমেন্ট স্মারক সিলমোহর ব্যবহার করে ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবসকে আরো মহিমান্বিত করল।’
 
নিউইয়র্কের মুক্তধারা ফাউন্ডেশন এই স্মারক সিলমোহরের আবেদন করেছিল জানিয়ে অনুষ্ঠানে ফাউন্ডেশনের প্রধান বিশ্বজিত সাহা বলেন, ‘দীর্ঘ সাত মাসের চেষ্টার স্বীকৃতি এটি। মুক্তধারা ফাউন্ডেশনের ২৫ বছর পূর্তি উপলক্ষে আগামী সেপ্টেম্বর পর্যন্ত বছর ব্যাপী কর্মসূচি অব্যাহত থাকবে।
 
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গত ২৫ বছর ধরে জাতিসংঘের সামনে অস্থায়ী শহীদ মিনার স্থাপন করছে মুক্তধারা ফাউন্ডেশন এবং বাঙালির চেতনামঞ্চ। তবে এবারই প্রথম আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ভাস্কর্য স্থাপিত হয়েছে ফেব্রুয়ারির প্রথম দিন, আর তা থাকবে পুরো মাস।
IMG0
এদিকে আগামী ২৭ ফেব্রুয়ারি জ্যাকসন হাইটসের পাবলিক স্কুল- ৬৯ মিলনায়তনে শুরু হবে একুশের গ্রন্থমেলা। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের প্রধান অতিথি হিসেবে দুই দিনের এই মেলা উদ্বোধনের কথা রয়েছে।