রাজধানীতে যুবকের আত্মহত্যা

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:০৮
রাজধানীর রামপুরায় বোনের বাড়িতে আত্মহত্যা করেছে রবিঘোষ (২৫) নামের এক যুবক। বৃহস্পতিবার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
রবিঘোষের বোন সোনালী ঘোষ জানান, তাদের গ্রামের বাড়ি সাতক্ষীরায়। বনশ্রী আবাসিক এলাকার ১নম্বর রোডের, ব্লক ই’র ৭নম্বর বাড়িতে থাকেন তারা। রবি তার বাসায় থেকে চাকরি করতেন। তবে কিছুদিন আগে চাকরি ছেড়ে গ্রামের বাড়িতে চলে যায়। কয়েকদিন আগে ফের তাকে ঢাকায় ফিরিয়ে এনে একটি পোশাক কারখানায় চাকরি দেয়া হয়। অন্যান্য দিনের মতো বুধবার দিবাগত রাতে নিজের ঘরে শুতে যান রবি। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত তার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ পাওয়া যায়। এ সময় সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে তাকে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। পরে তাকে নামিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রবিকে মৃত ঘোষণা করেন।