ধলেশ্বরীতে ট্রলার ডুবিতে নিহতদের বাড়িতে আহাজারি

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:৫০
নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদীতে কার্গোর সঙ্গে সংঘর্ষে ট্রলার ডুবিতে নিহত ৬ মাটি কাটা শ্রমিকের লাশ বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিজ নিজ গ্রামে দাফন করা হয়েছে।
 
তারা শ্রমিকরা হলেন- উপজেলার গারেশ্বর-বেলাই গ্রামের মমতাজ উদ্দিনের দুই ছেলে নেজাব উদ্দিন (৩৩), সুজাব আলী (৩০), আজিজুল হকের ছেলে শাহিন (৩০), শহিদ উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম (২৮), ফাজিলনগর গ্রামের চয়ন উদ্দিনের ছেলে মোতালিব (৩১) ও বানিয়াকৈড় গ্রামের সিদ্দিক মোল্লার ছেলে সুজন (৩০)।
 
সকাল ১০টায় লাশগুলো গ্রামের বাড়িতে এসে পৌছালে শ্রমিকদের স্ত্রী, সন্তান ও স্বজনদের আহাজারিতে সেখানকার পরিবেশ ভারি হয়ে ওঠে।
 
স্থানীয় ইউপি চেয়ারম্যান এম.এ হামিদ জানান, নিহতদের প্রত্যেকের পরিবারকে সরকারের পক্ষ থেকে নারায়নগঞ্জ জেলা প্রশাসক ২০ হাজার টাকা করে অনুদান প্রদান করেছেন। সিরাজগঞ্জ জেলা প্রশাসকের নিকটও নিহত শ্রমিকদের পরিবারগুলোর জন্য সাহায্যের দাবি জানানো হয়েছে।
 
সিরাজগঞ্জ জেলা প্রশাসক বিল্লাল হোসেন জানান, সরকারের পক্ষ থেকে শ্রমিকদের পরিবারকে অনুদান প্রদান করা হবে।