ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সহ-সভাপতি রেজাউদ্দৌলাহ প্রধানকে (আকাশ) বহিষ্কার করেছে সংগঠনটি। বুধবার দিবাগত রাতে সমিতির সাধারণ সভায় বহিষ্কারের পক্ষে-বিপক্ষে ভোটাভুটি করে ২০-৪ ভোটে তাকে বহিষ্কার করে সংগঠনের সভাপতি আসিফ ত্বাসীন। রেজাউদ্দৌলাহ প্রধান জাতীয় দৈনিক সমকালের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক।
বৃহস্পতিবার সমিতির সভাপতি আসিফ ত্বাসীন ও সাধারণ সম্পাদক লালন মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কারের কথা জানানো হয়।
সভা সূত্রে জানা গেছে, নির্ধারিত এজেন্ডা নিয়ে আলোচনা শেষে দৈনিক জনকণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ইব্রাহীম সুজন অন্য সদস্যদের পাশাপাশি রেজা আকাশকে বহিষ্কারের প্রস্তাব করেন। তার এ প্রস্তাবকে সমর্থন জানান তৌহিদুর রহমান, মাহমুদ, রফিকুল ইসলাম, ফরহাদ উদ্দীনসহ আরো অনেকে।
এ বিষয়ে রেজা আকাশ বলেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা বিভাগের একজন নিয়মিত ছাত্র। বিশ্ববিদ্যালয়ে প্রথম বছর থেকেই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে প্রত্যক্ষ যুক্ত ছিলাম। পড়াশোনার পাশাপাশি ক্যাম্পাসে সাংবাদিকতা করি। এ সময় পরোক্ষভাবে ছাত্রলীগের সঙ্গে যুক্ত থেকেছি। ছাত্রলীগের নিয়মিত কর্মসূচিতে অংশ নিয়েছি দায়িত্বের অংশ হিসেবে। সমিতিতে সদস্য থাকা অবস্থায় অতীতে ছাত্রসংগঠনের পদধারী থাকা ও সমিতির গঠনতন্ত্রে এ বিষয়ে কোনো স্পষ্ট নিয়ম না থাকায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে পদ নেই।
