২৮ ফেব্রুয়ারি থেকে মহিলা সমিতি মঞ্চে মাসব্যাপী নাট্যোৎসব

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:১১
'মঞ্চে নাটক দেখুন, ঐতিহাসিক মহিলা সমিতি মঞ্চে আসুন' শীর্ষক শ্লোগান নিয়ে আগামী ২৮ ফেব্রুয়ারি মাসব্যাপী 'ভাঙ্গা-গড়া নাট্যোৎসব' উৎসব শুরু হচ্ছে । সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের আয়োজনে বাংলাদেশ মহিলা সমিতি মঞ্চের ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নিয়মিত নাটক মঞ্চায়ন শুরু হতে যাচ্ছে।
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৭ ফেব্রুয়ারি শনিবার বাংলাদেশ মহিলা সমিতির নবনির্মিত এ ভবনের উদ্বোধন করবেন। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন ২০১১ সালের ঘোষণা অনুযায়ী প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরদিন থেকে মাসব্যাপী 'ভাঙ্গা-গড়া নাট্যোৎসব' শুরু হবে।
 
এ উপলক্ষে আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা'র সেমিনার কক্ষে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় । সাংবাদিক সম্মেলনে মাসব্যাপী উৎসবের বিস্তারিত তুলে ধরেন উৎসবের আহ্বায়ক ও ফেডারেশানের সেক্রেটারী জোনারেল আকতারুজ্জামান। 
 
ফেডারেশানের চেয়ারম্যান লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাট্যজন আহমেদ ইকবাল হায়দার কামরুন নূর চৌধুরী, মাসুদ আলম বাবু, হাফিজুর রহমান সুরুজ, ফয়েজ জহির, আহম্মেদ গিয়াস ও ফেডারেশানের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।
 
উল্লেখ্য, স্বাধীনতা উত্তর বাংলাদেশের নাট্যচর্চা শুরু হয়- নাটক সরণির বেইলি রোডস্থ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনকে কেন্দ্র করে। ২০১১ সালে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের আয়োজনে ‘ভাঙ্গা-গড়া নাট্যোৎসব-এর মধ্য দিয়ে বাংলাদেশ মহিলা সমিতির ভবনসহ মিলনায়তনটি নতুন ভাবে নির্মাণের জন্য ভাঙা হয় এবং নির্মাণ কাজ শুরু হয়। ইতোমধ্যে মহিলা সমিতির ভবনের কাজ সম্পন্ন হয়েছে এবং মিলনায়তনটিও বর্তমানে নাটক মঞ্চায়নের জন্য প্রস্তুত।