ঝড়-বৃষ্টির কারণে ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে প্রকাশকদের দাবিতে সাড়া দিয়ে বইমেলার সময়সূচিতে পরিবর্তন এনেছে বাংলা একাডেমি। পরিবর্তিত সময়সূচি অনুযায়ী- সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার বেলা ১১টার পরিবর্তে সকাল সাড়ে ১০টায় খুলবে মেলার ফটক, চলবে আগের মতো রাত আটটা পর্যন্ত।
বাকি দিনগুলোতে নির্ধারিত সময় বেলা তিনটার এক ঘণ্টা আগে বেলা দুইটায় শুরু হবে মেলা; চলবে রাত আটটা পর্যন্ত। মেলায় শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শিশু প্রহর থাকবে।
মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব জালাল আহমেদ বৃহস্পতিবার নতুন এই সময়সূচির কথা জানান। পূবালী লঘুচাপের প্রভাবে বুধবার ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হয় মেলার বেশিরভাগ স্টল। ওই দিন প্রতিদিনের নির্ধারিত সময়ের আড়াই ঘণ্টা পর বিকাল সাড়ে পাঁচটায় মেলার ফটক খোলা হলেও বিভিন্ন স্টলে বিদ্যুত্ বিভ্রাটের কারণে ঝুঁকি এড়াতে এক ঘণ্টার মধ্যেই ২৪তম দিনের মেলা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
ফেব্রুয়ারিজুড়ে মেলা চললেও বিরূপ আবহাওয়ার কারণে মেলা শেষের সময়সীমা মার্চ পর্যন্ত বাড়ানোর দাবি জানিয়েছিলেন প্রকাশকরা। তবে এ বিষয়ে আয়োজক বাংলা একাডেমির কোনো সাড়া এখনও মেলেনি।
খবর বিডিনিউজের।
