বাগেরহাটে ১ম বিভাগ ক্রিকেট

চ্যাম্পিয়ন উন্মোচন ক্লাব

আপডেট : ১৪ মার্চ ২০১৯, ২১:৫০

বাগেরহাটের প্রথম বিভাগ ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন হয়েছে উন্মোচন ক্লাব। গত বুধবার স্থানীয় শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় তারা ইয়ং উন্মোচন ক্লাবকে ১৭ রানে হারিয়ে শিরোপা তুলে নেয়।

উন্মোচন ক্লাব ৪০ ওভারে ১৬৮ রানে অল-আউট হয়। উন্মোচন ক্লাবের নাজমুল জুনিয়র ৪৩ রান করে। ইয়াং উন্মোচন ক্লাবের ওশান ১৩ রান দিয়ে দুই উইকেট নেন। জবাবে মোস্তফা আকনের পাঁচ উইকেট দখলের নৈপুণ্যে ইয়াং উন্মোচন ক্লাব ১৫১ রানে অল-আউট হয়ে যায়। প্রিতম ২২ রান করেন।

চ্যাম্পিয়ন দলের নাজমুল জুনিয়র ফাইনালের সেরা খেলোয়াড় হন। ১৫টি উইকেট নিয়ে লিগের সেরা বোলারের পুরস্কার পান ইয়ং উন্মোচনের অধিনায়ক ওশান। অপরদিকে ২৬৪ রান করে সেরা ব্যাসটম্যান হন উন্মোচনের মোস্তফা আকন।

বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থা ১০টি ক্লাব নিয়ে গত ১ ফেব্রুয়ারি এই লিগ শুরু করে। জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজ আফজাল, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি খোন্দকার আছিফ উদ্দিন রাখী, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ সরদার ওমর ফারুক।