তৃণমূল পর্যায়ে রোপ স্কিপিং ও রোলার স্কেটিং ট্যালেন্ট হান্ট কর্মসূচির আওতায় পঞ্চগড়ে শুরু হয়েছে সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি। বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সহযোগিতায় জেলা প্রশাসন ও পঞ্চগড় রোলার স্কেটিং ক্লাব এ প্রশিক্ষণের আয়োজন করে।
জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬০০ শিক্ষার্থী ছেলে মেয়ে ও রোপ স্কিপিং ও রোলার স্কেটিংয়ে অংশ নিচ্ছে। আগামী ২০ মার্চ পর্যন্ত প্রতিদিন দুই শিফটে প্রশিক্ষণ চলবে। গতকাল বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় টেনিস ক্লাব মাঠে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ গোলাম আজম প্রধান অতিথি হিসেবে রঙিন বেলুন উড়িয়ে এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন- রোলার স্কেটিং ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক আশরাফুল আলম মাসুদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন জিহাদী, কর্মসূচির সমন্বয়কারী সাহিদুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মির্জা নাজমুল ইসলাম কাজল, ক্লাবের সভাপতি আবু তোয়াবুর রহমান, ক্লাবের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব প্রমুখ।
