প্রাথমিক সহকারী শিক্ষকদের বেতন বৈষম্য নিরসনের দাবি

আপডেট : ১৪ মার্চ ২০১৯, ২১:৫১

প্রাথমিক সহকারী শিক্ষকদের বেতন বৈষম্য নিরসন এবং ১১তম গ্রেডে বেতন দেওয়ার দাবিতে দেশের বিভিন্ন স্থানে বৃহস্পতিবার মানববন্ধন করেছেন শিক্ষকরা। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবরঃ

রংপুর:সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন গ্রেড বৈষম্য নিরসনে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ও নির্বাচনের পূর্বে প্রদত্ত অডিও ভয়েস কলের প্রতিশ্রুতি বাস্তবায়ন ও ৯মার্চ ২০১৪ থেকে শতভাগ পদোন্নতিসহ ১১তম গ্রেডে বেতন প্রদানের দাবিতে প্রধানমন্ত্রী বরাবরে স্বারকলিপি প্রদান, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেন রংপুর জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমাজ। জেলা শিক্ষা অফিস চত্ত্বরে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমাজ রংপুর জেলার আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ সহকারী প্রাথমিক শিক্ষক সমাজ রংপুর জেলার সভাপতি মো. আজিজার রহমান মিল্টন, রংপুর মহানগর ও সদর উপজেলা সহকারী শিক্ষক বেতন বৈষম্য নিরসনে গঠিত মানববন্ধন কমিটির আহবায়ক মো. মশিয়ার রহমান, সদস্য সচিব রওশন আরা বীথি, বাংলাদেশ সহকারী প্রাথমিক শিক্ষক সমাজ রংপুর মহানগর সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক মেরাজুল ইসলাম মেরাজ, বাংলাদেশ সহকারী প্রাথমিক শিক্ষক সমাজ রংপুর সদর উপজেলার সভাপতি মশিয়ার রহমান ও সাধারণ সম্পাদক মো. রাশেদসহ রংপুর জেলার সকল উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

ঝিনাইদহ: ঝিনাইদহ শহরের পিটিআই এর সামনে মানববন্ধনের আয়োজন করেন ডিপিএইড প্রশিক্ষণার্থী শিক্ষকরা। এ সময় শাহিনুর রহমান ও ফারুক হোসেনসহ শিক্ষক-শিক্ষিকারা বক্তব্য রাখেন।

নেত্রকোনা: সহকারী প্রাথমিক শিক্ষকদের উদ্যোগে নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সড়ক প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন শিক্ষক সমিতির আহ্বায়ক পংকজ তালুকদার, সম্পাদক দুলদুল জাহিদ প্রমুখ।

বান্দরবান: একই দাবিতে বান্দরবান প্রেসক্লাবের সামনে সহকারী শিক্ষক সমিতির উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জেলার সাতটি উপজেলার সরকারি প্রাইমারি স্কুলের শিক্ষক-শিক্ষিকারা অংশ নেয়। মানববন্ধনে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক সমিতির সভাপতি পারভিন আক্তার,  সাধারণ সম্পাদক অশোক তরু দাশ, সহকারী শিক্ষক শামসুল ইসলাম’সহ প্রমুখ শিক্ষকরা। মানববন্ধনে বক্তারা নির্বাচনী ইশতেহার ও নির্বাচনের পূর্বে প্রদত্ত অডিও ভয়েস কলের প্রতিশ্রুতি বাস্তবায়নসহ ১১তম গ্রেডে বেতন প্রদান করার জোর দাবি জানান।  

উলিপুর (কুড়িগ্রাম): উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত মানববন্ধনে উপজেলার শতাধিক সহকারী শিক্ষক অংশ নেন। এ সময় বক্তব্য রাখেন নারিকেলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জোবায়দুল ইসলাম, সহকারী শিক্ষক হাফিজুর রহমান সেলিম, সহকারী শিক্ষক জীবন কৃষ্ণ রায়, সহকারী শিক্ষক আ. ওয়াদুদ প্রামাণিক, সহকারী শিক্ষক ফিরোজ প্রমুখ।

পটিয়া (চট্টগ্রাম): পটিয়ার পিটিআই প্রশিক্ষণ কেন্দ্রে সহকারী শিক্ষকদের উদ্যোগে পিটিআই প্রাঙ্গণে মানববন্ধন করা হয়। এতে কর্মসূচি পরিষদের আহ্বায়ক হিরো সিকদারের সভাপতিত্বে ও সদস্য সচিব হেলাল উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন প্রধান অতিথি পটিয়া উপজেলার সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক দিল মোহাম্মদ সানি।

মুরাদনগর (কুমিল্লা): উপজেলা পরিষদের সামনে মুরাদনগর-কোম্পানীগঞ্জ সড়কে মানববন্ধন করে উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। এ সময় বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক কমিটির আহ্বায়ক জাকির হোসেন, সদস্য সচিব সৈকত জামান ভুঁইয়া, আবুল কালাম আজাদ প্রমুখ।

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): ঈশ্বরগঞ্জ উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা মানববন্ধন করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের উপর শিক্ষকরা এ কর্মসূচি পালন করেন। মানববন্ধন শেষে শিক্ষক নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন। এ সময় বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক এবাদুল ইসলাম প্রমুখ।

কচুয়া (চাঁদপুর): কচুয়ার ১৭১টি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকরা উপজেলার নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে। এ সময় বক্তব্য রাখেন সহকারি শিক্ষক সমিতির চাঁদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ওমর খৈয়াম বাগদাদী।

বেড়া (পাবনা): বেড়া উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আনাম সিদ্দিকীর কাছে স্মারকলিপি দেয়া হয়।

চিলমারী (কুড়িগ্রাম): চিলমারী উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন করেছে। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হয়। এ সময় বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মো. আশরাফুল আলম, একেএম মোখলেছুর রহমান প্রমুখ।

লালপুর (নাটোর): উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মুল বানীন দ্যুতির মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেন শিক্ষক নেতারা। মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক কিশোর কুমার গিরী প্রমুখ।

মোরেলগঞ্জ (বাগেরহাট): মোরেলগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শাহ-ই-আলম বাচ্চু, সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মো. মশিউল ইসলাম প্রমুখ।

টেকেরহাট (মাদারীপুর): উপজেলা চত্বরে মানববন্ধন চলাকালে সহকারী শিক্ষক মিরাজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন শিক্ষক মো. কুদ্দুস আলী, মো. নাজির হোসেন, সুশান্ত কুমার মন্ডল প্রমুখ।

তাড়াইল (কিশোরগঞ্জ): বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকরা উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন করেন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন শিক্ষক নেতারা। এ সময় উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম শেখ উপস্থিত হয়ে তাদের কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করেন।

পাটগ্রাম (লালমনিরহাট): পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে প্রাথমিক শিক্ষকরা মানববন্ধন করেছেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল করিমের মাধ্যমে শিক্ষকরা প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন। এ সময় বক্তব্য রাখেন সহকারী শিক্ষক আব্দুর রহিম লিবন, মফিদুল ইসলাম প্রমুখ।

নাঙ্গলকোট (কুমিল্লা): উপজেলা চত্বরে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি নাঙ্গলকোট উপজেলা শাখা সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন মজুমদার, সহকারি শিক্ষক সমিতি উপজেলা শাখার সভাপতি রমজান আলী, সাধারণ সম্পাদক শফিকুর রহমান রেজা প্রমুখ।