নোয়াখালীতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাঁচ চেয়ারম্যানসহ ১১ জন জয়ী

আপডেট : ১৪ মার্চ ২০১৯, ২২:০৭

আগামী ৩১ মার্চ চতুর্থ ধাপে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে জেলার  সাত  উপজেলার মধ্যে চারজন ও দ্বিতীয় ধাপে ১৮ মার্চ নির্বাচনে একজনসহ পাঁচজন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত  হয়েছেন। একইভাবে নির্বাচিত হয়েছেন আরো ছয় পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান।

চতুর্থ ধাপে নবনির্বাচিত চেয়ারম্যানরা হলেন, সুবর্ণচর উপজেলা পরিষদে জেলা  আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিম। কোম্পানীগজ্ঞ উপজেলা পরিষদে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান সাহাব উদ্দিন, সোনাইমুড়ী উপজেলা পরিষদে আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য খন্দকার রুহুল আমিন, সেনবাগ উপজেলা পরিষদে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি জাফর আহমেদ চৌধুরী এবং দ্বিতীয় ধাপে হাতিয়ায় উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান মাহবুব মোর্শেদ লিটন। এ সকল উপজেলায় আওয়ামী লীগ ছাড়া অন্য চেয়ারম্যান প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেন।

একইভাবে বেসরকারিভাবে নির্বাচিত পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যানরা হলেন, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদে আজম পাশা রোমেল, আজুমান বানু, সুবর্ণচর উপজেলা পরিষদে সালমা সুলতানা, চাটখিল উপজেলা পরিষদে এএইচএম তাহের এবং হাতিয়া উপজেলা পরিষদে ওবায়দ উল্যাহ বিপ্লব ও মমতাজ বেগম।

বুধবার চতুর্থ ধাপের এবং দ্বিতীয় ধাপের গত ২৭ ফেব্রুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল। এ সকল পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তাদেরকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা দেন জেলা নির্বাচনী রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবু ইউসুফ।