রাবির হলে ছাত্রলীগের সংঘর্ষ, আহত এক

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:৫৫
 
তুচ্ছ ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সৈয়দ আমীর আলী হল শাখা ছাত্রলীগের বিবাদমান দুইপক্ষের সংঘর্ষে একজন আহত হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহত সালাউদ্দীন রানাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি সমাজকর্ম বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। এ ঘটনায় পুলিশ ছাত্রলীগ কর্মী মাসুদকে আটক করেছে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, আগামী ২৭ তারিখ পাবনা সদর থানার পিকনিকের টাকা উত্তোলনের জন্য অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মুকুল খান একই থানার শিক্ষার্থী মামুনের ২১২ নং কক্ষে এসে দরজা নক করেন। ঐ সময়ে মামুন রুমে না থাকায় তার রুমমেট ছাত্রলীগ কর্মী সালাউদ্দীন রানা বিরক্ত হন। পরে রানা কিছু ছাত্রলীগ নেতাকর্মী নিয়ে মুকুলের (১১৪) রুমে যান।
 
এনিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে রানা মুকুলকে মারধর করেন। পরে হল শাখা ছাত্রলীগ সাধারণ সম্পাদক সৈকত হোসাইনকে বিষয়টি জানালে তিনি ছাত্রলীগের কিছু কর্মীকে নিয়ে হলের সভাপতি সজলের কাছে বিচার দেয়। এদিকে হলের ভিতরে বিচার চলাকালীন বাইরে অবস্থানকারী নেতাকর্মীরা মারামারিতে জড়িয়ে পড়ে। এ সময় সালাহউদ্দীন রানা আহত হন।
 
রাবি শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, একটু ভুল বুঝাবুঝি হয়েছিল। সবাইকে নিয়ে বসে বিষয়টি মীমাংসা করে দেয়া হয়েছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।