বইমেলায় এক মিনিট নীরবতায় অভিজিৎকে স্মরণ

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:৩৯
 
এক বছর আগে একুশে গ্রন্থমেলা থেকে ফেরার পথে খুন হওয়া মুক্তমনা লেখক অভিজিত্ রায়কে এবারের বইমেলা স্মরণ করলো এক মিনিট নীরবতায়। বাংলা একাডেমির আয়োজনে শুক্রবার বিকাল চারটা থেকে মূল মঞ্চ ও মেলা প্রাঙ্গণে নীরবে দাঁড়িয়ে বিজ্ঞানমনস্ক লেখক অভিজিত্ রায়কে স্মরণ করা হয়, যিনি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লেখালেখিতে সোচ্চার ছিলেন।
 
অবশ্য বাংলা একাডেমি কর্তৃপক্ষ আগে থেকে না জানানোয় অনেকেই এ কর্মসূচিতে অংশ নিতে পারেননি বলে অভিযোগ করেছেন প্রকাশকদের কেউ কেউ। যুক্তরাষ্ট্র প্রবাসী প্রকৌশলী অভিজিত্ রায় ছিলেন মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা। গত বছর বইমেলা চলাকালে স্ত্রী রাফিদা আহমেদ বন্যাকে নিয়ে দেশে ফিরে ২৬ ফেব্রুয়ারি খুন হন তিনি।
 
অভিজিতের স্মরণে বিকাল চারটায় বাংলা একাডেমির তথ্যকেন্দ্র থেকে এক মিনিট নিরবতা পালনের ঘোষণা দেয়া হয়। মূল মঞ্চে উপস্থিত সবাই এ সময় দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। তবে আগে থেকে না জানায় অনেকেই এ কর্মসূচিতে অংশ নিতে পারেননি।
 

শুক্রবার সকাল সাড়ে ১০টায় মেলার ফটক খুলে দেয়া হয়। আর বিকাল চারটা থেকেই মূল মঞ্চের কার্যক্রম শুরু হয়।