পাংশায় অস্ত্র ও গুলিসহ দুই চরমপন্থিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বুধবার সন্ধ্যায় উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো:আলীজামান গ্রুপের প্রধান আলী জামান ও তার সহযোগী বিন্দি বাবলু। ডিবি পুলিশের ওসি কামাল হোসেন ভূইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গুলি নিয়ে সর্বহারা পার্টির সদস্যরা অবস্থান করছে। এ সময় জেলা গোয়েন্দা শাখার সদস্যরা অভিযান চালিয়ে ওই দু’জনকে গ্রেফতার করে। এ সময় উদ্ধার করা হয় একটি রাইফেল, একটি পাকিস্তানি পিস্তল, একটি ওয়ান শ্যূটারগান ও একটি একনলা বন্দুক এবং আট রাউন্ড গুলি। তাদের বিরুদ্ধে রাজবাড়ীর বিভিন্ন থানায় হত্যা, ধর্ষণ, অস্ত্র, ডাকাতি, চাঁদাবাজিসহ ১৬টি মামলা রয়েছে।
