গত পাঁচ বছরে জাপানের জনসংখ্যা ১০ লাখ কমে গেছে। নতুন আদমশুমারিতে জনসংখ্যা কমে যাওয়ার বিষয়টি উঠে এসেছে।
দেশটিতে ১৯২০ সালের পর থেকে জনগণনায় এবারই প্রথম জনসংখ্যা হ্রাস পাওয়ার কথা জানা গেল। গত বছরের অক্টোবর মাসে পরিচালিত জনগণনার রিপোর্ট অনুযায়ী জাপানের জনসখ্যা ১২ কোটি ৭১ লাক্ষ যা গত আদমশুমারির চেয়ে দশমিক ৭ শতাংশ বা নয় লাখ ৪৭ হাজার কম। ২০১০ সালে এর আগের আদমশুমারি করা হয়েছিল সেখানে। তবে এই সময়ের মধ্যে রাজধানী টোকিওর জনসংখ্যা কিছুটা বেড়েছে।
জনতত্ত্ববিদরা অনেক দিন থেকেই জনসখ্যা হ্রাসের আশঙ্কা করছিলেন। এর জন্য নিম্নগামী জন্মহার ও অভিবাসনের স্বল্পতাকে দায়ী করা হচ্ছে।
ক্রমেই বৃদ্ধদের দেশে পরিণত হচ্ছে জাপান। এর ফলে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি রুদ্ধ হয়ে পড়ছে ও স্বাস্থ্য খাতে খরচ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করা হচ্ছে। সূত্র: বিবিসি
