কালিহাতী উপজেলা সদরের জামিয়া ওসমানিয়া আরাবিয়া মাদ্রাসার এক ছাত্রকে অতিরিক্ত বেত্রাঘাত করে গুরুতর আহত করার অপরাধে ওই মাদ্রাসার প্রধান শিক্ষক বায়োজিদ হোসেনকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দেবনাথ এ আদেশ দেন।
জানা যায়, গত ৬ মার্চ সন্ধ্যায় মাদ্রাসায় হাজেরা বিভাগে অধ্যয়নরত জোবায়ের হোসেন রাহাতকে দেখতে আসেন তার বাবা একই উপজেলার চামুরিয়া গ্রামের বাবুল হোসেন মিলন। ছেলেকে কান্না করতে দেখে কি হয়েছে জানতে চাইলে অতিরিক্ত বেত্রাঘাতের কথা জানতে পারেন। শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্নও দেখতে পান তিনি। পরে এ ঘটনায় ওই শিক্ষকের বিচার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তদন্তের মাধ্যমে ঘটনার সত্যতা পেয়ে অভিযুক্ত শিক্ষককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
