চাকরির দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি)বহিরাগতরা আবারো আন্দোলনে নেমেছে। শনিবার তারা সান্ধ্যাকালীন শিক্ষার্থীদের ক্লাস থেকে বের করে দেয়। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়ে বাস চলাচল বন্ধ করে দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুর ২টার দিকে চাকরি প্রত্যাশীরা প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়। পরে তারা প্রশাসন ভবনের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে। এদিকে ভিসির সঙ্গে চাকরি প্রত্যাশীদের বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান, প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান উপস্থিত ছিলেন। বৈঠকে ভিসি শিক্ষামন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে চাকরির প্রতিশ্রুতি দেন।
এদিকে দুপুর ৩টার দিকে অনুষদ ভবন ও ব্যবসায় প্রশাসন অনুষদে চাকরি প্রত্যাশীদের একাংশ সান্ধ্যকালীন শিক্ষার্থীদের ক্লাস থেকে বের করে দেয়। এ সময় তারা বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। এতে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। চাকরি প্রার্থীদের আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয়ের দুপুর ২টার বাস চলাচল করতে পারেনি। তিনটার দিকে প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান প্রধান ফটকের তালা ভেঙ্গে দিয়ে গাড়ি চলাচল স্বাভাবিক করে।
এ বিষয়ে ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকার বলেন, বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার নিয়োগের ব্যাপারে ইউজিসি ও শিক্ষামন্ত্রণালয়ের পক্ষ থেকে নিষেধাজ্ঞা রয়েছে। এই অবস্থায় কোনভাবেই নিয়োগ দেওয়া সম্ভব নয়।
