তালা উপজেলার খলিশখালিতে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ পাঁচজন আহত হয়েছে। এ সময় নির্বাচনী অফিসে হামলার ঘটনা ঘটে। বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলো খলিশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সমীর দাশ, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সরদার শরিফুল ইসলাম, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি নীল কোমল দাশ, আওয়ামী লীগ নেতা গৌতম ঘটক এবং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফারদিন আহসান দ্বীপ।
প্রত্যক্ষদর্শী তালা উপজেলার তথ্য প্রযুক্তি লীগের সভাপতি জোহর হাসান জানান, রাত সাড়ে ১০টার সময়ে খলিশখালী বাজারে ইউনিয়ন আওয়ামী লীগ অফিসের সামনে, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সমীর দাশ সাথে গৌতম ঘটক ও কামরুল সরদারের মধ্যে এক নেতাকে গঠনতন্ত্র বহির্ভূত বহিষ্কারের বিষয় নিয়ে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে হাতাহাতির সৃষ্টি হয় এবং পরে তা সংঘর্ষে রূপ নেয়। এতে পাঁচজন আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
খলিশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সমীর কুমার জানান, উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে মিছিল ও সমাবেশ শেষে নেতা-কর্মীরা নির্বাচনী কার্যালয়ে ফেরে। পরে নেতা-কর্মীরা বাড়ি ফিরে গেলেও অফিসে ৮/১০ জন নেতা-কর্মী ছিলাম। হঠাত্ এ হামলার ঘটনা ঘটে। তিনি আরো বলেন, বর্তমানে আওয়ামী লীগের ৮ নম্বর ওয়ার্ডের বহিষ্কৃত সাধারণ সম্পাদক সুলতান সরদার ও তার সহযোগী কামরুল, সুজিত ও ফারদিন হাসান এহসান দীপসহ কয়েকজন এই হামলা করেছে। এতে পাঁচ নেতা-কর্মী আহত হয়েছে।
তবে হামলার বিষয়ে জানতে সদ্য বহিষ্কৃত নেতা সুলতান সরদারের সঙ্গে যোগাযোগ করা হলেও কথা বলা সম্ভব হয়নি।
খলিষখালী ক্যাম্পের ইনচার্জ এসআই নিখিল দাশ জানান, ঘটনাটি খুবই দুঃখজনক। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম বলেন, পরিস্থিতি এখন স্বাভাবিক। অভিযোগ পেলে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
