রাজধানীর আবাসিক হোটেল থেকে মরদেহ উদ্ধার

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:৫০
 
রাজধানীর মতিঝিল থানা এলাকায় ফকিরাপুল আবাসিক হোটেল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম জাহাঙ্গীর আলম (৩৮)। শনিবার দুপুরে খবর পেয়ে পুলিশ হোটেল কর্তৃপক্ষের সহায়তায় কক্ষের দরজা ভেঙে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
 
হোটেলের ম্যানেজার জুয়েল জানান, জাহাঙ্গীর আলম এই মাসেই হোটেলের ৫ম তলার পাঁচ নম্বর কক্ষে ওঠেন এবং বেশ কিছুদিন ধরে অবস্থান করছিলেন। প্রতিদিনের মতো শুক্রবার রাতে তার কক্ষে ঘুমাতে যান তিনি। কিন্তু সকালে হোটেল বয় রুম পরিষ্কার করতে গেলে তার রুমের দরজা বন্ধ দেখতে পায়। বিষয়টি আমাদের জানালে পুলিশে খবর দেয়া হয়। পরে পুলিশকে নিয়ে দরজা ভেঙে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
 

মতিঝিল থানার উপ-পরিদর্শক জয়নাল আবেদীন জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জানা গেছে, জাহাঙ্গীর আলমের বাবার নাম মৃত হাফিজ উদ্দিন। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুরে।