বিদায়ের সুর বাজে কাল শেষদিন

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৬, ০০:৫৭
ছুটির দিনে মেলা উপচে পড়েছিল পাঠকের আনাগোনায়। আগামীকাল সোমবার মেলার শেষদিন। তাই যারা অফিসের কাজে ব্যস্ত হয়ে পড়বেন তাদের জন্য গতকালটাই ছিল বই কেনার শেষদিন। তাই সারাদিন ধরেই ছিল পাঠকের জমজমাট উপস্থিতি।
 
গতকাল মেলার দ্বার খোলে সকাল সাড়ে ১০টায়। সকালে শিশু চত্বরে ছিল কিশোর-কিশোরী ও তাদের অভিভাবকদের উপচে পড়া ভিড়। দুপুর গড়াতেই দেখা যায় প্রবেশপথে দীর্ঘ লাইন। প্রকাশকরা জানালেন, এবার বইমেলায় বিক্রি যে কোনো বছরের তুলনায় বেশি। গ্রন্থমেলা আজ শুরু হবে দুপুর দুইটায় এবং শেষ হবে রাত আটটায়।
 
গুণীজন স্মৃতি পুরস্কার
 
বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান গতকাল গ্রন্থমেলার মূলমঞ্চে একাডেমি পরিচালিত কয়েকটি পুরস্কার ঘোষণা করেন। ২০১৫ সালে প্রকাশিত বিষয় ও গুণমানসম্মত সর্বাধিক সংখ্যক গ্রন্থ প্রকাশের জন্য মাওলা ব্রাদার্স-কে চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার-২০১৬, ২০১৫ সালে প্রকাশিত গ্রন্থের মধ্যে গুণমান ও শৈল্পিক বিচারে সেরা গ্রন্থের জন্য ভূমেন্দ্র গুহ সম্পাদিত জীবনানন্দ দাশের মূলানুগ পাঠ-ভূমিকা ও কবিতা গ্রন্থের জন্য বেঙ্গল পাবলিকেশনস্ লিমিটেড, বুলবুল আহমেদ সম্পাদিত ‘বুদ্ধিস্ট হেরিটেজ অফ বাংলাদেশ গ্রন্থের জন্য নিমফিয়া পাবলিকেশন ও তাসলিমা মুন রচিত আমি একটি বাজপাখিকে হত্যা করতে চেয়েছিলাম গ্রন্থের জন্য পাঠসূত্র-কে মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার ২০১৬, ২০১৫ সালে প্রকাশিত শিশুতোষ গ্রন্থের মধ্য থেকে গুণমান বিচারে সর্বাধিক গ্রন্থ প্রকাশের জন্য ময়ূরপঙ্খি-কে রোকনুুজ্জামান খান দাদাভাই স্মৃতি  পুরস্কার-২০১৬ এবং ২০১৬ সালের অমর একুশে গ্রন্থমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানসমূহের মধ্যে থেকে নান্দনিক অঙ্গসজ্জায় সেরা প্রতিষ্ঠান হিসেবে সময় প্রকাশন, মধ্যমা পাবলিকেশন ও জ্যার্নিম্যান বুকস্-কে শিল্পী কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার ২০১৬ প্রদান করা হয়েছে। ২৯ ফেব্রুয়ারি বিকেলে গ্রন্থমেলার সমাপনী অনুষ্ঠানে এসব পুরস্কার হাতে তুলে দেয়া হবে।
 
সিটি আনন্দ আলো সাহিত্য পুরস্কার
 
গতকাল সিটি আনন্দ আলো সাহিত্য পুরস্কার ঘোষণা করা হয়েছে। এবার প্রবন্ধ, আত্মজীবনী ও স্মৃতিকথা শাখায় যৌথভাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ‘সোনালি দিনগুলি’ (চন্দ্রাবতী) এবং মুনতাসীর মামুনের ‘ঢাকায় খাল পোল ও নদীর চিত্রকর’ (জার্নিম্যান), উপন্যাসে সেলিনা হোসেনের ‘নিঃসঙ্গতার মুখর সময়’ (কথাপ্রকাশ), শিশুসাহিত্যে আসলাম সানীর ‘নির্বাচিত ১০০ ছড়া’ (অন্যপ্রকাশ), কবিতায় যৌথভাবে পিয়াস মজিদের ‘কবিকে নিয়ে কবিতা’ (সময়) ও মুজিব ইরমের ‘শ্রীহট্টকীর্তন’ (চৈতন্য) পুরস্কার পেয়েছে। জীবনের প্রথম বই ক্যাটাগরিতে জনান্তিক থেকে প্রকাশিত এহসান হাফিজের ‘এ ও সে ও’ পুরস্কার পেয়েছে। গতকাল বিকেলে একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে এ ঘোষণা দেন একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। এ সময় আনন্দ আলো সম্পাদক রেজানুর রহমান, শিশুসাহিত্যিক লুত্ফর রহমান রিটন উপস্থিত ছিলেন।
 
গ্রন্থমেলায় হুমায়ুন আজাদ স্মরণ
 
২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি প্রথাবিরোধী লেখক হুমায়ুন আজাদকে হত্যার উদ্দেশ্যে চালানো হয় হামলা। ঐ হামলা বার্ষিকীতে গতকাল মেলার একাডেমি চত্বরে তথ্যকেন্দ্রের সামনে লেখক-পাঠক-প্রকাশক ফোরামের আয়োজনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। আগামী প্রকাশনীর প্রকাশক ওসমান গনির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মুহাম্মদ সামাদ, কবি নাসির আহমেদ প্রমুখ। আরও উপস্থিত ছিলেন পিআইবির মহাপরিচালক শাহ আলমগীর, জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির নির্বাহী পরিচালক কামরুল হাসান শায়ক প্রমুখ।
 
নতুন বই
 
গতকাল মেলায় এসেছে ১৭৯টি নতুন বই। এর মধ্যে গল্প ৩২, উপন্যাস ১৫, প্রবন্ধ ১৪, কবিতা ৬০, গবেষণা ২, ছড়া ৭, শিশুতোষ ১০, জীবনী ৩, মুক্তিযুদ্ধ ৩, ভ্রমণ ৫, নাটক ও বিজ্ঞান ২, রম্য ১, অনুবাদ ১, সায়েন্স ফিকশন ৩ এবং অন্যান্য বিষয়ের উপর বই এসেছে ১৭টি। এবারের মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কারপ্রাপ্ত লেখিকা তাসলিমা মুনের নতুন বই ‘অর্থ এক দেবশিশুর নাম’ এনেছে পাঠসূত্র। বিকেলে মেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হয় ‘৬ দফার পঞ্চাশ বছর’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ।