রামপুরায় ফেনসিডিলসহ গ্রেফতার ৬

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:৫৬
রাজধানীর রামপুরায় অভিযান চালিয়ে ৯৮২ বোতল ফেনসিডিলসহ ছয় মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
অভিযানের সময় ফেনসিডিল ছাড়াও তাদের ব্যবহৃত একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৬-৮৮২৮), একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১২-৫১৫৪), দু’টি মোবাইল ফোন ও নগদ ৮ হাজার টাকা জব্দ করা হয়।
 
গ্রেফতারকৃতরা হচ্ছেন- জাফর আলী মোল্লা, জাহিদুল ইসলাম ওরফে জাহিদ, শাহীন মোল্লা, বিল্লাল হোসেন ওরফে কাজল, তোফাজ্জল হোসেন ওরফে সাগর ও আবুল বাসার ওরফে বাবু।
 
আসামিরা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকা মহানগরীতে পাইকারি ও খুচরা বিক্রির সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
 
এর আগে শনিবার দিবাগত রাতে তাদের আটক করা হয়। পরে তাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতার দেখানো হয়েছে।