জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ বলেছেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ দিক হলো কলেজ শিক্ষকদের প্রশিক্ষণ। শিক্ষার মানোন্নয়নে শিক্ষক প্রশিক্ষণের কোনো বিকল্প নেই।
রবিবার সকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে কলেজ শিক্ষকদের প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হারুন-অর-রশিদ বলেছেন, জাতীয় বিশ্ববিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে গৃহীত ডিজিটাল পদ্ধতি ও শিক্ষার মানোন্নয়ন বিষয়ে আরো করণীয় সম্মন্ধে দেশের ৬টি বিভাগীয় প্রশাসনিক অঞ্চলে কলেজ অধ্যক্ষদের সঙ্গে শিগগিরই মত বিনিময় সভা অনুষ্ঠিত হবে।
৯৯তম শিক্ষক প্রশিক্ষণ ব্যাচের ইতিহাস ও অর্থনীতি বিষয়ে ৬৮ জন কলেজ শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র এর ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আসলাম ভূঁইয়া ও ট্রেজারার অধ্যাপক মোঃ নোমান উর রশীদ প্রমুখ।
