বহুমাত্রিক লেখক নাসরীন জেবিন। পেশা তাঁর শিক্ষকতা। পাশাপাশি লিখেন কবিতা, উপন্যাস, প্রবন্ধসহ নানা কিছু। সদ্যসমাপ্ত অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে তাঁর তিনটি বই। তার মধ্যে কবিতার বই ‘প্রজাপতি সুখ’, উপন্যাস ‘অব্যক্ত’ ও প্রবন্ধগ্রন্থ ‘মানিক বন্দ্যোপাধ্যায়ের জীবন ও উপন্যাস’। বইগুলোর প্রকাশক অনন্যা। বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে গতকাল বিকালে বইগুলোর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান। কথাসাহিত্যিক সেলিনা হোসেনের সভাপতিত্বে বই নিয়ে আলোচনা করেন একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী, আবৃত্তি শিল্পী রূপা চক্রবর্তী। স্বাগত বক্তব্য রাখেন প্রকাশনা সংস্থা অনন্যার প্রধান নির্বাহী ও জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির নির্বাহী পরিচালক মনিরুল হক।
