কবি জসীমউদ্দীনের ৪২তম মৃত্যুবার্ষিকীতে তাঁর রচিত এবং তাঁর সংগৃহীত বাংলার লোকগানের আসর বসেছিল গতকাল। কমলাপুরে কবির বাসভবনে আমান মওদুদ আর্ট গ্যালারির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন কবির মেয়ে হাসনা মওদুদ ও জামাতা মওদুদ আহমদ। পল্লীকবি হিসেবে খ্যাত কবি জসীম উদ্দীনের জন্ম ১৯০৩ সালের পহেলা জানুয়ারি। আর মৃত্যু ১৯৭৬ সালের ১৩ মার্চ। ১৯৩১ থেকে ১৯৩৭ পর্যন্ত দীনেশচন্দ্র সেনের সঙ্গে লোক সাহিত্য সংগ্রাহক হিসেবে জসীমউদ্দীন কাজ করেন। তিনি পূর্ব বঙ্গ গীতিকার একজন সংগ্রাহকও। তিনি ১০ হাজারেরও বেশি লোকসংগীত সংগ্রহ করেছেন, যার কিছু অংশ তার সংগীত সংকলন জারি গান এবং মুর্শিদী গানে স্থান পেয়েছে। তিনি বাংলা লোকসাহিত্যের বিশদ ব্যাখ্যা এবং দর্শন খণ্ড আকারেও লিখে গেছেন।
