নারীরা সবার সেবা করে, কিন্তু নিজেরা সেবা পায় না: স্পিকার

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৬, ২২:২৩
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, আমাদের সমাজের মেয়েরা পরিবারের সকলের সেবা করে, কিন্তু নিজেরা সেবা নেয়ার সুযোগ পায় না। ফলে তারা কঠিন রোগে পড়ে অকালে প্রাণ হারান। রোগ গোপন না রেখে সঠিক তথ্য ও সময়মত পদক্ষেপ নিয়ে সুস্থ্যভাবে বেঁচে থাকার জন্য তিনি নারীদের প্রতি আহ্বান জানান।
 
শনিবার রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মিলন হলে বাংলাদেশ ব্রেস্ট সার্জনস অ্যাসোসিয়েশন (এবিএসবি) আয়োজিত প্রথম আন্তর্জাতিক ব্রেস্ট ডিজিজ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
 
স্পিকার বলেন, সামাজিক সচেতনতা সৃষ্টি, যথাসময়ে রোগ নিরুপণ, সঠিক তথ্য প্রদান, আধুনিক চিকিৎসা প্রদান এবং গবেষণার মাধ্যমে মরণব্যাধি ব্রেস্ট ডিজিজ প্রতিরোধে করা সম্ভব।
 
ব্রেস্ট ডিজিজকে একটি বিশেষায়িত এবং গুরুত্বপূর্ণ কর্মসূচি হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, সমাজ বা পরিবারে দীর্ঘদিন বেঁচে থাকাটা মূখ্য বিষয় নয়, সুস্থ্য শরীর নিয়ে বেঁচে থাকাটাই মূল কথা। বিশ্বায়নের এ যুগে বিশেষজ্ঞ ডাক্তারদের সঙ্গে এ ধরনের আয়োজনের মাধ্যমে চিকিৎসক ও রোগীদের পারস্পারিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে উপকৃত হওয়ার পরামর্শ দেন তিনি।
 
সম্মেলনের সভাপতি প্রফেসর সাইফ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক, বিএসএমএমইউ’র উপাচার্য প্রফেসর ডা. কামরুল হাসান খান, প্রো-ভিসি প্রফেসর শরফুদ্দিন আহমেদ, ডা. এএফএম আনোয়ার হোসেন এবং প্রফেসর আমিনুল হক জোয়ার্দার প্রমুখ বক্তব্য রাখেন।