গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাব প্রত্যাহার না করলে আন্দোলন --------------- গণফোরাম

আপডেট : ১৪ মার্চ ২০১৯, ২২:২৬

গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাব প্রত্যাহারের দাবি জানিয়েছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু।

গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে গ্যাসের অযৌক্তিক মূল্য বৃদ্ধির প্রস্তাবের প্রতিবাদ জানিয়ে গণফোরামের এই দুই নেতা বলেন, এ সিদ্ধান্ত সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়াবে। জনজীবন, উত্পাদন ও উন্নয়ন বাধাগ্রস্ত হবে। শিল্প-কারখানা, পরিবহন ব্যবস্থা হুমকির মুখে পড়বে। এর প্রভাব নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ও যাতায়াত খরচের উপরও পড়বে।

গণশুনানির নামে প্রতারণা ও এলএনজি ব্যবসায়ীদের মুনাফার স্বার্থে গ্যাসের দাম বাড়ানোর পাঁয়তারা বন্ধ না করা হলে আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলে তারা হুঁশিয়ারি দেন।

গ্যাসের মূল্য বৃদ্ধির প্রভাব জনগণের

ঘাড়ে চেপে বসবে :ওয়ার্কার্স পার্টি

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেছেন, গ্যাসের দাম বাড়লে পরিবহন, বিদ্যুত্ ও পণ্য উত্পাদনসহ সকল খাতে ব্যয় বৃদ্ধি পাবে। যার প্রভাব জনগণের ঘাড়ে চেপে বসবে। এমনিতে জীবন যাত্রার ব্যয় বৃদ্ধিতে জনজীবনে সংকট বাড়ছে। নতুন এই মূল্য বৃদ্ধি জনগণের ঘাড়ে মূল্যস্ফীতির বোঝা হিসেবে চাপবে। গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক যুক্ত বিবৃতিতে তারা একথা বলেন।

বিবৃতিতে মেনন-বাদশা বলেন, গত কয়েক বছরে দফায় দফায় গ্যাসের মূল্য বাড়ানো হয়েছে। এবার নতুন করে দাম বাড়ানো হলে সাধারণ মানুষের উপর চাপ বাড়বে। শুধু তাই নয়, এই মূল্য বৃদ্ধির কারণে দেশীয় শিল্প হুমকির মুখে পড়বে। দেশীয় শিল্প উদ্যোক্তারা নিরুত্সাহী হবেন।